ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ হয়েছে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। এই চুক্তি দুদেশের জন্যই বড় ধরনের সুযোগ-সুবিধা বয়ে আনবে। কিন্তু দীর্ঘদিনের বিতর্কিত এই চুক্তি সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। চুক্তিটি বাস্তবায়নের আগে আরও কিছু জটিল পদক্ষেপ এখনও বাকী রয়ে গেছে বলে স্বীকার করেছে দুপক্ষ।
বহুদিন ধরে দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে বুধবার পরমাণু চুক্তিটি ভারতের মন্ত্রীসভায় অনুমোদ পেয়েছে। এ চুক্তির বদৌলতে ভারত গত ৩০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি সহায়তা পাবে। পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করেও এমনকী পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরও চুক্তিবলে ওই সহায়তা পাবে ভারত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী প্রণব মুখার্জির ইস্যুকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, "পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শেষ হওয়াটা প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুজনেরই কাঙ্খিত বেসামরিক পরমাণু সহযোগিতার প্রতিশ্র"তি পূরণে একটি বড় ধরনের অগ্রগামী পদক্ষেপ।"
বিবৃতিতে আরও বলা হয়, " ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির ফলে দুদেশই বড় ধরনের কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা পাবে। দু'দেশের মধ্যে বাড়বে জ্বালানি নিরাপত্তাও। আরও বেশি পরিবেশ সহায়ক জ্বালানি উৎস পাবে দু'দেশ। বাড়বে অর্থনৈতিক সুযোগ সুবিধা।"
কিন্তু এই সহযোগিতা শুরু হওয়ার আগে ভারতকে অবশ্যই জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দলকে দিয়ে তার পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে দেওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)র সঙ্গে আলোচনায় বসতে হবে। পাশাপাশি ৪৫ জাতি পরমাণু সরবরাহ গ্র"প থেকে নিয়মনীতির পরিবর্তন ঘটাতে হবে।
মার্কিন কংগ্রেসও এই চুক্তি অনমোদন করবে। কিন্তু অনেক মার্কিন আইনপ্রণেতাই একথা ভেবে উদ্বিগ্ন যে, এই চুক্তির মধ্য দিয়ে ভারতকে পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে বুশ প্রশাসন খুব বেশি ছাড় দিচ্ছে। এ চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিপরীতে যাচ্ছে বলেই তাদের আশঙ্কা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫২ঘ.
bdnews24