দুবাই, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল-কায়েদার সুপ্রীম কমান্ডার ওসামা বিন লাদেন জীবিত না মৃত তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইসলামিক ওয়েবসাইটে লাদেনের পুরোনো একটি ভিডিও দেখা যাওয়ার পর তাকে নিয়ে নতুন করে এই জল্পনা শুরু হয়। কারণ, এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বের 'মোস্ট ওয়ান্ডেট' এই জঙ্গি নেতা তার শক্র-মিত্র কারও কাছেই জীবিত থাকার কোনো আলামত দেননি।
কয়েকজন তালেবান নেতা যদিও বলেছেন, "লাদেন বেঁচে আছেন এবং ভালো আছেন।" কিন্তু ২০০৬ সালের পর থেকে লাদেন নিজে কখনও তার অস্তিত্ব জাহির করেননি। ওই সময় এক ইসলামিক ওয়েবসাইটে কয়েকসপ্তাহ আগে লাদেনের বেঁচে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এবারের ওয়েবসাইটে পুরোনো ভিডিও পাঠিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, "আপনার কথা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আশা করি নতুন একটি টেপে আমরা আপনাকে দেখব।"
ভিডিওটি ওয়েবসাইটে আসার আগেই তা খতিয়ে দেখে সিএনএন জানিয়েছে, "ভিডিওর ক্লিপিং পুরোনো। কিন্তু ৪ সপ্তাহ আগে এটিকে নতুন করে তৈরি করা হয়েছে।"
বিশেষজ্ঞরা বলছেন, " লাদেন মারা গিয়ে থাকলে আল-কায়েদা তা বেশিদিন গোপন রাখতে পারবে বলে মনে হয় না।" আবার কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, "৫০ বছর বয়স্ক লাদেন গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আছেন।" 'ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ' এর মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক মামুন ফ্যান্ডি একথা বলেন।
পশ্চিমা সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, " জাওয়াহিরি জনসংযোগ করে বেড়ান। কিন্তু নিত্যদিনের অভিযান পরিকল্পনায় তিনি কিংবা লাদেন নিজেদের মধ্যে খুব একটা শলাপরামর্শ করেন বলে মনে হয় না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ঘ.
bdnews24