২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল-কায়েদা বিরোধী অভিযানের ভয়ে আদিবাসীরা পালাচ্ছে

পাকিস্তানে ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলে আল-কায়েদা-বিরোধী মার্কিন অভিযানের ভয়ে পালাচ্ছে হাজার হাজার গ্রামবাসী। আল-কায়েদা বিরোধী দমন অভিযান চালানোর জন্য চাপের মুখে থাকা পাকিস্তানে যুক্তরাষ্ট্র যেকোনো দিন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

মিরানশাহ, পাকিস্তান জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলে আল-কায়েদা-বিরোধী মার্কিন অভিযানের ভয়ে পালাচ্ছে হাজার হাজার গ্রামবাসী। আল-কায়েদা বিরোধী দমন অভিযান চালানোর জন্য চাপের মুখে থাকা পাকিস্তানে যুক্তরাষ্ট্র যেকোনো দিন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের আদিবাসী অঞ্চলগুলোতে আল-কায়েদার শক্তি বৃদ্ধি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত শনিবার এমন মন্তব্য করার পর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আল-কায়েদা বিরোধী মার্কিন অভিযানের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের আদিবাসী এক শ্রমিক আকবর খানের উক্তি, "আমাদের জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই।" ওই এলাকায় থেকে গেলে তার পরিবার দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যেতে পারে বলে আকবর শঙ্কা প্রকাশ করেন। বুশ অবশ্য বলেছেন, মুশাররফ জঙ্গিবিরোধী অভিযান চালানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং তিনি ওই অঞ্চলে বেশিসংখ্রক সেনা মোতায়েনও করেছেন। বুধবার সকালে রকেট হামলায় বান্নু শহরে ৪০ জন আহত হয়েছে, নিহত হয়েছে ৯ জন। সেনাবাহিনী বলেছে, শনিবার থেকে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে তারা এ পর্যন্ত ৪৫ জঙ্গিকে হত্যা করেছে। কিন্তু ওয়াজিরিস্তানে সেনা বাড়ানোয় ওই এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে লোকজন। সেনাবাহিনীও ইতোমধ্যেই জঙ্গি দমনাভিযান শুরুর ব্যাপারে সতর্কবাণী দিয়েছে। সেনারা আত্মঘাতী হামলার ভয়ে দ্রুতগতির কোনো গাড়ী দেখলেই গুলি চালাচ্ছে। জঙ্গিদের রকেট হামলার পর আদিবাসী অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষাকারী মূল সড়কটি বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। মিরানশাহ শহরের একটি বাজারের দোকানদার নূর আহমেদ খান বলেন, " আমরা এখন খুবই আতঙ্কিত। পরিস্থিতি গতবছরের চেয়েও খারাপ। আগে আমরা সপরিবারে বান্নু শহরে যেতাম। কিন্তু এখন এটি আর নিরাপদ নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.