ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনাশাসিত মিয়ানমারে আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা আরও একবছর বাড়িয়ে মঙ্গলবার একটি বিল পাস করেছে মার্কিন সিনেট। বিলটি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পাঠানো হয়েছে। তিনি এতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
বিলের পক্ষে ভোট দিয়েছেন ৯৩ জন সিনেটর। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র একজন।
দুর্বল মানবাধিকার রেকর্ড এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে গৃহবন্দি রাখায় পশ্চিমা বিশ্ব মিয়ানমারকে অবজ্ঞা করে আসছে।
সোমবার মার্কিন কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদ নিষেধাজ্ঞা নবায়ন করে একটি বিল পাস করে। ওই বিলে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেও একটি প্রস্তাব রাখা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার মার্কিন সিনেটে বিলটি পাশ হওয়ার আগে মিয়ানমারের রাষ্ট্রদ্রোহ মামলার আসামী ৬ মানবাধিকার কর্মীর আইনজীবী জানান, সামরিক জান্তা ওই মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে। বিচারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ওই ৬ মানবাধিকার কর্মী ইয়াংগুনে মার্কিন দূতাবাসে মে দিবসের আলোচনায় যোগ দিয়েছিলেন।
ইয়াংগুনে আইনজীবী অং থিয়েন রয়টার্সকে জানান, অভিযুক্তদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সেখানকার কুখ্যাত জেল ইনসেইন কারাগারে একটি সামরিক আদালতে তাদের বিচার করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24