২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি মিলিশিয়াদের প্রতি ইরানের সমর্থন বাড়ছে: যুক্তরাষ্ট্র

ইরাক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে যে মিলিশিয়ারা তাদের প্রতি ইরানের সমর্থন বাড়ছে। মে মাসে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হওয়ার পর থেকে এই সমর্থন বেড়েছে। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মঙ্গলবার একথা বলেছেন। বাগদাদে ইরাকের নিরাপত্তা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র ২য় দফা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করেছেন ক্রোকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বাগদাদ, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে যে মিলিশিয়ারা তাদের প্রতি ইরানের সমর্থন বাড়ছে। মে মাসে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হওয়ার পর থেকে এই সমর্থন বেড়েছে। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মঙ্গলবার একথা বলেছেন। বাগদাদে ইরাকের নিরাপত্তা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র ২য় দফা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করেছেন ক্রোকার। ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কওমির সঙ্গে কয়েকঘন্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে ক্রোকার বলেন, "গত কয়েকমাস ধরে আমরা মাঠ পর্যায়ে যা দেখছি তাতে পরিস্থিতির উন্নতি নয়, অবনতিই চোখে পড়ছে। আর মে মাস থেকে পরের দুমাসে ইরাক পরিস্থিতি মোটেও উৎসাহব্যাঞ্জক নয়।" ইরানের সঙ্গে বৈঠক সম্পর্কে ক্রোকার বলেন, "আলোচনা প্রাসঙ্গিক ছিল না।" তিনি আরও বলেন, "বৈঠকের আলোচনায় আমরা স্পষ্ট করেই বলে দিয়েছি যে, বাস্তবতা হচ্ছে, গত দুমাসে আমরা ইরাকে জঙ্গি তৎপরতাই প্রত্যক্ষ করেছি। আর এই তৎপরতায় ইরানের ইন্ধন বেড়েছে বৈ কমেনি।" ক্রোকারের এই মন্তব্যে ইরানের প্রতিনিধিদল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, ওয়াশিংটন বরাবরই ইরাকে সহিংসতা বৃদ্ধির জন্য শিয়া ইরানকে দায়ী করে আসছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন ও ইরানি দূতরা মঙ্গলবার বাগদাদে ইরাকের নিরাপত্তা সঙ্কট নিয়ে বৈঠক করেন। সেপ্টেম্বরে ইরাক পরিস্থিতির অগ্রগতির প্রতিবেদন দিতে চাপের মুখে থাকা ওয়াশিংটন ইরানের সঙ্গে ২য় দফা এই আলোচনায় বসে। গত মে মাসে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল এ বৈঠক। বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনে মঙ্গলবার বৈঠক করেন ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার। টেলিভিশন চিত্রে দুই প্রতিনিধিদল এবং ইরাকের সরকারি দলকে প্রধানমন্ত্রী নূরী আল মালিকির নেতৃত্বে আলোচনার টেবিল ঘিরে বসে থাকতে দেখা গেছে। বৈঠকে মালিকি বলেন, "ইরাকি জনগণ অপ্রত্যাশিতরকম সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।" ইরাকে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে মালিকি সরকার দেশে সব দলের সঙ্গে সংহতি স্থাপনের জন্য ওয়াশিংটনের চাপের মুখে আছে।" ২৮ মেতে দুপক্ষের মধ্যকার প্রথম বৈঠকের মধ্য দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা কূটনৈতিক যোগাযোগ পুনরায় স্থাপিত হয়েছে। এবারের বৈঠকে ইরানের আচরণে পরিবর্তন আশা করার কথা আগেই জানান মার্কিন পররাষ্ট্রদফতরের মুখপাত্র। তিনি বলেন, এটি ইরানিদের ওপর নির্ভর করছে। কিন্তু বৈঠক শেষ হতে না হতেই ক্রোকারের বিরূপ মন্তব্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এবং ইরাকে ইরানি হস্তক্ষেপের মার্কিন অভিযোগের মধ্যে দুপক্ষে এমন সরাসরি বৈঠক খুবই বিরল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ঘ.