ইসলামাবাদ, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি সেনা অভিযানে পরাস্ত হওয়ার পর গ্রেপ্তার এড়াতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিলেন এক তালেবান নেতা। আফগান সীমান্তবর্তী ঝোব এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। আবদুল্লাহ মেশহুদ নামের ৩১ বছর বয়সী এ তালেবান যোদ্ধা তিনবছর আগে যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বন্দিশিবির থেকে ছাড়া পান। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
"ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী বেলুচিস্তানের ঝোব এলাকার একটি বাড়িতে তিনি নিহত হন"। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা এ কথা জানান।
পাকিস্তানের তালেবানপন্থী ইসলামী দল ও ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলীয় নেতা ফজল - উর - রহমান এর মালিকানাধীন একটি বাড়িতে সন্ত্রাসবিরোধী বিশেষ স্কোয়াডের আকস্মিক অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
ঝোব এর প্রধান প্রশাসক মিরা জান জানান রয়টার্সকে জানান,"আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলাম কিন্তু তারা গুলিবর্ষণ শুরু করে।"
তিনি জানান,"প্রায় একঘন্টা ধরে এ গোলাগলি চলে তারপর আমরা বাড়ির ভেতরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই।"
জান বলেন, গ্রেপ্তার এড়াতেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে মেশহুদ। তবে তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাইতুল্লাহ মেশহুদের নেতৃত্বাধীন একটি পাকিস্তানি তালেবান গ্র"পের সেকেন্ড ইন কমান্ড ছিলেন আবদুল্লাহ মেশহুদ। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে তালেবানদের কাবুল দখলের কয়েকদিন আগের এক অভিযানে একটি পা হারান আবদুল্লাহ। পরে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গুয়ানতানামো বন্দিশিবিরে প্রায় দুবছর কারাভোগ করেন তিনি। ২০০৫ সালে ছাড়া পাওয়ার পর পাকিস্তানে ফিরে আসেন তিনি।
বাইতুল্লাহ মেশহুদের অনুসারী তালেবানরা আফগানিস্তানের ভেতরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনও মার্কিন, ন্যাটো ও আফগান বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
লাল মসজিদে সেনা অভিযানের পর ওয়াজিরিস্তানসহ আশপাশের এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লাগাতার সংঘর্ষ শুরুর পর এ প্রথম এমন উচ্চ পর্যায়ের কোনো তালেবান নেতার মৃত্যুর খবর পাওয়া গেল।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবান ও আল কায়েদা নতুন করে শক্তি সঞ্চার করছে এবং এ ঘটনাকে 'সমস্যাজনক' বলে মার্কিন প্রেসিডেন্ট বুশের মন্তব্যের দুদিন পরেই এ ঘটনা ঘটলো।
ওই মন্তব্যের সময় একইসঙ্গে প্রেসিডেন্ট মুশাররফের জঙ্গি দমন অভিযানের প্রতি সমর্থন জানান বুশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24