বাগদাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে কয়েকদফা গাড়ি বোমা হামলায় সোমবার কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। বেশিরভাগ হামলার ঘটনাই ঘটেছে শিয়া জেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
ইরাক নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন ২য় আলোচনার সময়েই এই বোমা হামলার ঘটনা ঘটল। ৪ টির মধ্যে ৩ টি গাড়ি বোমা হামলাই ঘটেছে বাগদাদের কারাদা জেলায়। এর মধ্যে দুটি ঘটেছে সরকারি কার্যালয়ের কাছে এবং একটি ব্যস্ত বাজারে। কারাদা অফিসের কাছে বোমা হামলায় ৬ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
সুপারমার্কেটের মালিক আবু নূর ভয়াবহ ওই হামলার বর্ণনা দিয়ে বলেন, "এ দৃশ্য ছিল ভয়াবহ। হঠাৎ করেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি পুলিশের ছিন্নবিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখি। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। চোখের সামনে দেখেছি কেবলই আগুন, ধ্বংস আর মৃত্যু।"
টেলিভিশন চিত্রেও বেশ কয়েকটি বিধ্বস্ত গাড়ি দেখা গেছে। কারাদার কাছাকাছিই আরেকটি এলকায় অন্য আরেকটি বোমা বিস্ফোরণে ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। এর এক ঘন্টারও কম সময়ের মধ্যে একটি পুলিশ প্রহরাস্থলে আরেকটি পৃথক বোমা হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজনই পুলিশ।
বাগদাদের কেবাব রেস্টুরেন্টে আরেকটি বোমা হামলায় নিহত হয়েছে আরও ৪ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩২ঘ.
bdnews24