বাগদাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের অবনতিশীল পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মঙ্গলবার বাগদাদে বৈঠকে বসছেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশায়ার জেবারি রোববার এ কথা জানিয়েছেন। মে মাসে যুক্তরাষ্ট্র-ইরান গুরুত্বপূর্ণ একটি বৈঠকের জের ধরেই এ বৈঠক হচ্ছে।
জেবারি টেলিফোনে রয়টার্সকে বলেন, " ইরাক ২৪ জুলাই যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের স্বাগতিক দেশ। আমরা দুদেশের মধ্যকার এ আলোচনাকে সমর্থন করি। আশা করি এ বৈঠক থেকে একটি স্পষ্ট ফল পাব।"
ওয়াশিংটনের অভিযোগ, ইরানের শিয়া মুসলমানরা ইরাকে জঙ্গিদের সহায়তা দিচ্ছে এবং এতে দেশটিতে সহিংসতা আরও বাড়ছে। ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার আসছে। তারা ইরাকে শিয়া-সুন্নী সংঘাতের জন্য ২০০৩ সালে সে দেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযানকেই দায়ী করে থাকে।
তবে ক্রমবর্ধমান এ সংঘাত দেশ দুটিকে একটি অভিন্ন অবস্থান নিতে বাধ্য করেছে।
১৯৭৯ সালে ইরান ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই।
জেবারি জানান, বাগদাদে নিযুক্ত দু'দেশের রাষ্ট্রদূত বৈঠকে নেতৃত্ব দিবেন। এতে ইরাকি কর্মকর্তারও উপস্থিত থাকবেন।
এর আগে ২৮ মে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমী কওমী এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বাগদাদে ইরাক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। প্রায় তিন দশকের মধ্যে এটাই ছিল দুই বৈরী দেশের উচ্চ পর্যায়ের কোন বৈঠক।
দু'পক্ষই ওই বৈঠককে ইতিবাচক বলে অভিহিত করে।
তাদেরকে মঙ্গলবার দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে ইরাকও জোরালো ভূমিকা রেখেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১২৩২ ঘ.
bdnews24