জেরুজালেম, জুলাই, ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--মধ্যপ্রাচ্য দূত হিসাবে সোমবার প্রথম ওই অঞ্চলে যাত্রা শুরু করছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মধ্যপ্রাচ্যে ৬০ বছর ধরে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করার আশা নিয়েই ওপথে পা বাড়াচ্ছেন তিনি। কিন্তু তার এ কাজের দায়িত্বকে একরকম অসম্ভব মনে করছেন কট্টরপন্থীরা।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ যুক্তরাষ্ট্র, ইইউ, জাতিসংঘ ও রাশিয়া ব্লেয়ারকে সেপ্টেম্বরের মধ্যেই ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারক-কাঠামো গড়ে তোলার দায়িত্ব দিয়েছে। মধ্যপ্রাচ্যে ৪৮ ঘন্টার সফরে এ বিষয়টি নিয়েই ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করবেন ব্লেয়ার।
এরপর দুপক্ষের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে সরাসরি আরও আলোচনার জন্য সময় বাড়াতেও পারেন ব্লেয়ার। ঊর্ধ্বতন এক পশ্চিমা কূটনীতিক রোববার একথা জানিয়েছেন।
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, " এ সপ্তাহে ব্লেয়ার লোকজনের কাছ থেকে কথা শোনার মেজাজেই আছেন।" আর মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় যেখানে তার পূর্বসূরীরা আজও সফল হতে পারেননি সেখানে ব্লেয়ার ওই ভূমিকায় অবতীর্ণ হয়ে সফলতা নিয়ে আসার পথে অনেক বাধার মুখে রয়েছেন বৈকি।
অতীত থেকে বর্তমান পরিস্থিতি ভিন্ন। বর্তমানে ফিলিস্তিন গাজা এবং পশ্চিম তীর দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েল ইচ্ছা করলে ইহুদি বসতি ও সেনা সরানোর ছাড় নাও দিতে পারে। তাছাড়া ইরাক আগ্রাসণে অংম নেওয়ার কারণে ব্লেয়ারের প্রতি আরবদের অনেকেই বিরূপ। উপরন্তু মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ংায় মধ্যস্থতাকারীরাও ব্লেয়ারকে বৃহত্তর পরিসরে আলোচনার ম্যান্ডেট দিতেও দ্বিধাবিভক্ত।
অবশ্য এতকিছুর পরও ব্লেয়ার হতাশ হননি মোটেই। লিসবনে গত সপ্তাহেই তিনি বলেছেন, " আশা করি আমি সমস্যা সমাধানে কিছু একটা করতে পারব।"
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চান ব্লেয়ার পশ্চিম তীর থেকে নিয়ন্ত্রণ শিথিল করতে ইসরায়েলকে চাপ দিন। ওদিকে ব্লেয়ার ইসরায়েলপন্থী বলে তার দূতিয়ালীর বিরুদ্ধে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে হামাস।
বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসনও মধ্যপ্রাচ্য দূত হিসাবে ব্লেয়ারের কর্তৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে প্রেসিডেন্ট বুশের সঙ্গে ব্লেয়ারের বন্ধুত্বকে এপথে বড় বাধা মনে করছেন তিনি। তারপরও উলফেনসন বলেছেন, " মধ্যপ্রাচ্য দূতের পদে অভিজ্ঞ কাউকে পেয়ে আমরা ভাগ্যবান।"
মধ্যপ্রাচ্যের ৪ পক্ষ ব্লেয়ারকে এখনই শান্তি প্রতিষ্ঠার গুরুদায়িত্ব না দিয়ে ছোটখাট কিছু দায়িত্ব দিয়েছে। যেমন: ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ, তাদের সরকারি প্রতিষ্ঠান গড়ার ও অথনৈতিক উন্নয়ন তদারকি প্রভৃতি।
কিন্তু ব্লেয়ার এ নিয়ে সন্তুষ্ট থাকবেন বলে মনে করছেন না কূটনীতিকরা। অজ্ঞাতপরিচয় এক কূটনীতিক বলছেন, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ব্লেয়ার রাজনৈতিক মধ্যস্থতার ভূমিকা নেবেন। তারপর আরও সুযোগ পেলে তিনি সামনে এগুবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.
bdnews24