কাবুল, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---২৩ জন দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্ত করার চেষ্টায় আফগানিস্তানে গেছে সিউলের ৮ জনের একটি প্রতিনিধিদল। তালেবানরা এর আগে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় ২ জার্মান জিম্মিকে হত্যা করার কথা জানালে দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয়। তালেবান মুখপাত্র ক্বারী মোহম্মদ ইউসুফ জিম্মিদেরকে ভিন্ন ভিন্ন স্থানে আটক করে রাখা আছে বলে জানিয়েছেন। বল প্রয়োগ করে জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে ইউসুফ হঁশিয়ার করে দিয়েছেন।
ইউসুফ হুমকি দিয়ে আরও বলেছেন, "দক্ষিণ কোরিয়া আফগানিস্তান থেকে ২০০ সেনা প্রকৌশলী ও চিকিৎসককে সরিয়ে না নিলে জিম্মিদের হত্যা করা শুরু হবে।" দক্ষিণ কোরিয়া বলেছে, তারা এ বছরের শেষ নাগাদ পরিকল্পনামাফিক সেনা সরিয়ে নেবে।
এদিকে, জিম্মিদের মুক্ত করার চেষ্টায় দক্ষিণ কোরীয় দলটি ইতোমধ্যেই আফগানিস্তান পৌঁছেছে। এ দলে ৮ দক্ষিণ কোরীয় কর্মকর্তাসহ একজন উপপররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরাও রয়েছেন।
তারা আফগান কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে অপহরণকারীদের সঙ্গে দেখা করে সঙ্কট অবসানের চেস্টা নেবেন কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।
জিম্মি সঙ্কট নিরসনে আফগান সরকারও আদিবাসী নেতাদের সহায়তা চেয়েছেন। আদিবাসী নেতাদের মধ্যস্থতার মধ্য দিয়ে জিম্মি সঙ্কট নিরসনের পথ খুঁজছে আফগান সরকার। জিম্মিদের উদ্ধার করতে কোনো সেনা অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গজনী প্রদেশে সেনাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তারা নির্দেশের অপেক্ষায় আছে। প্রতিরক্ষামন্ত্রণালয় প্রয়োজন মনে করলে সেনা অভিযানের নির্দেশ দেবে।
এর আগে তালেবানরা দুই জার্মান জিম্মিকে হত্যা করেছে বলে জানায়। শনিবার তারা জানায়, তাদের দাবি মানার সময়সীমা শেষ হওয়ার পর ওই দুই জনকে হত্যা করা হয়েছে।
অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে ফোনে বলেন, আমি তালেবান যোদ্ধাদের কাছ থেকে জানতে পেরেছি এক জার্মান জিম্মিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকীজনকেও মুজাহিদীনরা গুলি করে হত্যা করেছে।" এর আগে স্থানীয় সময় ১টা নাগাদ বাকীজনকে হত্যা করা হবে বলে তিনি জানিয়েছিলেন।
তিনি জানান, বুধবার কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় গাড়িতে যাওয়ার সময় অপর ৬ আফগানের সঙ্গে ওই দুই জার্মানকে অপহরণ করা হয়েছে। অবশ্য আফগান সরকার বলেছে, তালেবানদের আল্টিমেটাম সম্পর্কে তারা কিছু জানে না।
ক্বারী ইউসুফ টেলিফোনে রয়টার্সকে আরও বলেন, তালেবান নেতারা দুই জার্মান নাগরিকের মুক্তি সাপেক্ষে তাদের দাবি মানার জন্য শনিবার স্থানীয় সময় ১২ টা পর্যন্ত সময় বেঁধে দেন। তারা দুই জিম্মির বিনিময়ে আফগানিস্তান থেকে জার্মান সৈন্য প্রত্যাহারের দাবি জানায়।
তবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সেনা প্রত্যাহারের দাবি নাকচ করে দেন।
শনিবার পাস্যোয়ার নিউ প্রেস পত্রিকার সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে মার্কেল বলেন, "এই মুহূর্তে আমরা পিছু হটতে পারি না। আফগান জনগণকে একা ফেলে আসতে চাই না আমরা।"
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জোর দিয়ে জানান, তালেবানদের হাতে তাদের দুই নাগরিকের জিম্মি হওয়ার স্পষ্ট কোন প্রমাণ বার্লিন পায়নি। জিম্মিদের উদ্ধারে আফগান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কর্মরত জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্সকে তিনি এই কথা জানিয়েছেন।
এই আগে জুলাইর প্রথম সপ্তাহে জার্মানির একজন নাগরিককে অপহরণ করার পর মুক্তি দেওয়া হয়। গত বছর অক্টোবরে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই জার্মান সাংবাদিককে অপহরণের পর হত্যা করা হয়। ওই এলাকায় ন্যাটোর শান্তিরক্ষা মিশনে জার্মানির ৩ হাজার সেনা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০০০ ঘ.
bdnews24