২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার আটক ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে নতুন অভিযোগ

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি বহুতল ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে ভারতীয় চিকিৎসকের জড়িত থাকার নতুন অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে - গণমাধ্যমের এমন খবর রোববার নাকচ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগ। এর আগে গণমাধ্যমের এমন সংবাদ পরিবেশনের সমালোচনা করেন আটক চিকিৎসক মোহাম্মদ হানিফের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সিডনি, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি বহুতল ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে ভারতীয় চিকিৎসকের জড়িত থাকার নতুন অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে - গণমাধ্যমের এমন খবর রোববার নাকচ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগ। এর আগে গণমাধ্যমের এমন সংবাদ পরিবেশনের সমালোচনা করেন আটক চিকিৎসক মোহাম্মদ হানিফের আইনজীবী। অস্ট্রেলিয়ার 'সানডে মেইল' এবং মেলবোর্ন থেকে প্রকাশিত 'হেরাল্ড সান' পত্রিকায় খবর প্রকাশ হয় যে হানিফের বাসস্থান থেকে জব্দ করা গোল্ড কোস্টের বহুতল ভবন এবং ওই ভবনের ফাউন্ডেশনের নকশার ছবির সূত্র ধরে 'ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে' তার লিপ্ত থাকার বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। কিন্তু দ্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এক বিবৃতিতে রোববার এসব খবরকে সঠিক নয় বলে নাকচ করে দেয়। এএফপি কমিশনার মিক কিটলি জানান,"আমরা এসব নথিপত্র সংক্রান্ত সঠিক তথ্যের জন্য ডা. হানিফের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার মতো বিশেষ ব্যবস্থা নেব।" অস্ট্রেলীয় গণমাধ্যমের জল্পনা কল্পনা সম্পর্কে পুলিশের মন্তব্যও একটি বিশেষ ঘটনা। কিন্তু ওই খবরের প্রতিক্রিয়ায় ডা. হানিফের আইনজীবী এবং রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের কড়া সমালোচনার কারণে পুলিশকে এ পদক্ষেপ নিতে হয়। এদিকে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে আদালতের এমন রায়ের পরও অভিবাসন আইনে তাকে আটক রাখা দরকার বলে উল্লেখ করে এখনও তাকে নিরাপত্তা হেফাজতে রেখেছে সরকার। লন্ডনের ব্যর্থ বোমা হামলা প্রচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয় । তার মোবাইল ফোনের সিম কার্ডটি ওই সন্দেহভাজন ইসলামী গ্র"পটিকে বেপরোয়োভাবে ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে তিনি তাদেরকে সহযোগিতা করেছেন বলে তাকে অভিযুক্ত করা হয়। গ্লাসগো বিমান বন্দরে হামলা এবং লন্ডনে ব্যর্থ গাড়িবোমা হামলায় আটক ভারতীয় বংশোদ্ভুত দুই ভাই চিকিৎসক কফিল আহমেদ এবং প্রকৌশলী সাবিল আহমেদ সম্পর্কে হানিফের দূর সম্পর্কের ভাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.