ওয়াশিংটন, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক থেকে সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বাধ্য করতে সিনেটে ডেমোক্রেটদের একটি প্রস্তাব ঠেকিয়েছে রিপাবলিকানরা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে টানা ২৪ ঘন্টা বিতর্কের পর ৫২-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর আগে পার্লামেন্টের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হয়।
প্রস্তাবটি পাস হলে আগামী বছরের শেষ নাগাদ ইরাক থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হতো। তবে এটি পাস না হওয়ায় ডেমোক্রেটরা হতাশ হলেও ভেঙে পড়েননি। বরং তারা জোর দিয়ে বলছেন, ইরাকে যুদ্ধ বন্ধে তাদের এই উদ্যোগে আরও রিপাবলিকান সদস্য যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সারারাত বিতর্কের পর চূড়ান্ত ভোটের জন্য প্রস্তাবটি পাঠাতে ব্যর্থ হয়েছেন ডেমোক্রেটরা। তারা প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় ৬০ ভোট পেতে ব্যর্থ হন। ডেমোক্রেটরা আশা করেছিলেন ইরাক নীতি নিয়ে যেসব রিপাবলিকান সিনেটর বুশের সমালোচনায় মুখর তারা বিপক্ষে ভোট দেবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে, মাত্র ৩ জন বিপাবলিকান সিনেটের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
রিপাবলিকান নেতারা এই বিতর্ককে স্রেফ প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন।
তবে ডেমোক্রেটরা এই বিতর্ককে দ্যোদুল্যমান রিপাবলিকান সদস্যদের জেগে ওঠার এবং বুশকে ত্যাগ করার আহ্বান বলে বর্ণনা করেছেন। অনেক বিপাবলিকান সদস্য আগামী বছর পুননির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রেইড বলেন, "দুটি বিষয় আছে যেগুলোর নিষ্পত্তি চাই আমি। এর একটি হলো প্রতিরক্ষা কর্তৃত্ব বিল পাশ। তবে এর সঙ্গে ইরাকের বিষয়টিও থাকতে হবে। সেটা আগামীকাল হলে আমরা তাই করবো। আর যদি পরে করতে চায় আমরা সেটা পরে করবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৭৪০ ঘ.
bdnews24