করাচি, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে গৃহযুদ্ধের ঝুঁকি নেওয়ার হুমকি দিয়েছে মুসলিম জঙ্গিরা। এই হুমকির মুখে বৃহস্পতিবার দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন করে তিন দফা আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৫২ জন নিহত হয়।
চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাল মসজিদে সেনা অভিযানের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৭৫ জন নিহত হল।
মুশাররফ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করলে দেশে পুরোদস্তুর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন করাচির বৃহত্তম মাদ্রাসার জঙ্গি নেতা মুফতি মোহম্মদ নাঈম।
বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানের সীমান্তে দক্ষিণাঞ্চলীয় হুব শহরে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। খনিতে কর্মরত চীনা শ্রমিকদের বহনকারী একটি লক্ষ্য করে এই হামলা হয়। তবে বোমাবহনকারী গাড়িটি শ্রমিকদের গাড়ি পাহারায় থাকা পুলিশ ভ্যানে আঘাত করলে চীনা শ্রমিকরা রক্ষা পায়। মারা যায় ৭ জন পুলিশ এবং ২৩ জন পথচারী। আহত হয় কমপক্ষে ২০ জন। অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলের হাঙ্গু শহরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে আরও ৭ জন।
তৃতীয় হামলায় দুই শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কোহাতের সেনানিবাস এলাকার একটি মসজিদে এই আত্মঘাতী হামলা হয়। কোহাত শহরের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ জানান, "মসজিদে মুসল্লিরা মাগরিবের নামাজ পড়ার সময় ওই হামলা হয়।"
চলতি মাসে ধারাবাহিক বোমা হামলা শুরুর পর এই প্রথম দক্ষিণাঞ্চলে হামলার ঘটনা ঘটলো। তবে লাল মসজিদের ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গিরা নাকি বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা করেছে সেটা এখনো পরিস্কার নয়।
লাল মসজিদে সেনা অভিযানের পর থেকে পাকিস্তানে একের পর এক হামলার ঘটনা বাড়তে থাকার মধ্যে জঙ্গি নেতা নাঈম হুমকি দিয়ে বলেছেন, "মুশাররফ বিপজ্জনক পথ বেছে নিয়েছেন। এ পরিস্থিতি পুরোদস্তুর গৃহযুদ্ধে রূপ নিতে পারে। মুশাররফ যা ভেবেছিলেন পরিস্থিতি সেভাবে এগুচ্ছে না। জামিয়াত-ই-উলেমা-ই ইসলামের ঊর্ধ্বতন নেতা হাফিজ হাসান আহমেদ রয়টার্সকে বলেন, "করাচি এবং লাহোরের মতো বড় শহরগুলোতে একই ধরনের হামলার ঘটনা ঘটলে আমরা অবাক হব না।"
বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেদেশে চলমান সহিংসতা দমনে জরুরি অবস্থা জারি করবেন না বলে জানান। এছাড়া, পরিকল্পনা অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও তিনি জনগণকে আশ্বস্ত করেন।
হুব চৌকি থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জান আফ্রিদি জানান, পুলিশ সদস্যরা করাচির পথে চীনা প্রকৌশলীদের একটি দলকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। প্রকৌশলীদের গাড়িবহর ঘটনাস্থল অতিক্রম করার পরপরই বোমা বিস্ফোরিত হয়।
আফ্রিদি বলেন, চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়ি ওই স্থান অতিক্রমের পর বিস্ফোরণ ঘটে এবং ৭ পুলিশ সদস্যের সবাই মারা যায়।
অপর এক ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত হাঙ্গু শহরে পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে একজন আত্মঘাতি হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে ৬ পুলিশ এবং একজন পথচারী নিহত হয়। ওই সময় নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা প্রশিক্ষণে যাচ্ছিল।
শহরের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ফখরে আলম বলেন, "হামলাকারী প্রশিক্ষণ কেন্দ্রের গেট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে থামাতে চাইলে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।" তিনি জানান, এতে ৬ জন পুলিশ সদস্য এবং একজন পথচারী নিহত হয়েছে।
অপর একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে আরও ১৩ পুলিশ আহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০৩৪৮ ঘ.
bdnews24