ওয়াশিংটন, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে যে সহিংসতা চলছে তা গোটা বিশ্বের জন্যই একটি সমস্যা। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মঙ্গলবার একথা বলেছেন। পাশাপাশি তিনি ইরাকের সহিংস পরিস্থিতিতে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করার পক্ষে কথা বলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সমর্থন দেন।
হোয়াইট হাউসে এক সৌজন্য সাক্ষাতকালে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান বুশ। জবাবে বানও মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে চলতি বছর হেমন্তে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানে বুশের পরিকল্পনাকে স্বাগত জানান।
মহাসচিব বলেন, "ইরাকের পরিস্থিতি গোটা বিশ্বের জন্যই একটি সমস্যা।" এ সময় তিনি ইরাকের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে জাতিসংঘের সাহায্যের আশ্বাস দেন। এ সময় তিনি ইরাক পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে হঠাৎ করে মার্কিন সেনা সরিয়ে না নেওয়ার বিরুদ্ধে বুশকে সতর্ক করে দেন।
বান বলেন, মার্কিন বাহিনীর ইরাকি জনগণকে একা ফেলে আসা উচিত না। ইরাক যুদ্ধ নিয়ে বুশের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করার এই সময়ই বান তাকে এই সমর্থন দিলেন।
এদিকে, অন্য এক খবরে জানা গেছে, বুধবার বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, বাগদাদের আল-আমিন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চল থেকে লোকজন বাসে এসে প্রায় সেখানে নামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24