কাবুল, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বুধবার তুর্কি কূটনীতিকের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে একজন বেসামরিক আফগান আহত হয়েছেন। একজন আত্মঘাতি হামলাকারী গাড়িবহরে আঘাত হানলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন তুর্কী নিরাপত্তারক্ষী আহত হন।
একই দিন অপর দুটি প্রদেশে পৃথক হামলায় পুলিশসহ ৮ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে অতর্কিত হামলায় নিহত হয় ৬ পুলিশ এবং ফিলিপাইনের একজন প্রকৌশলী। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে মারা গেছে একজন নিরাপত্তারক্ষী।
এর কয়েক ঘন্টা পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহরের প্রধান থানার অভ্যন্তরে এক আত্মঘাতি বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। তবে সেখানে কতজন হতাহত হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অবশ্য থানা চত্ত্বরে অ্যাম্বুল্যান্স ঢুকতে দেখা গেছে।
সবগুলো হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে তালিবান জঙ্গিরা।
তুর্কি দূতাবাসের একজন কর্মকর্তা জানান, কাবুলে আত্মঘাতি বোমা হামলার পর ক্ষতিগ্রস্ত একটি সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে তুর্কি নিরাপত্তারক্ষী আহত হন।
পশ্চিম কাবুলের একটি প্রধান সড়কে আত্মঘাতি বোমা হামলার পরপরই ন্যাটো সৈন্যরা ঘটনাস্থল ঘিরে রাখে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৪৮ ঘ.
bdnews24