ত্রিপোলি, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লিবিয়ার কারাগারে আটক বুলগেরিয়ার ৫ নার্স এবং ফিলিস্তিনের একজন চিকিৎসকের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করেছে সেদেশের সরকার। উদ্দেশ্যমূলকভাবে শিশুদেহে এইডস্ ভাইরাস (এইচআইভি) সংক্রমণের দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করায় দীর্ঘ ৮ বছর পর ওই ৬ জনের মুক্তি পাওয়ার পথ সুগম হলো।
এইচআইভি সংক্রমণের শিকার ৪৬০টি পরিবারের প্রত্যেককে ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সমঝোতা হওয়ার পর লিবিয়ার উচ্চ আদালত এই রায় দিয়েছে। অভিযুক্তদের মুক্তি আশা করা হলেও এই রায়ের ফলে তা সম্ভব হচ্ছে না। কারণ লিবিয়ার ওই আদালত মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালতের এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বুলগেরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের মুক্তি দাবি করেছে। কয়েক দশকের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের পথে এই মামলা একটি বড় ধরণের বাধা।
বুলগেরিয়ার সরকারি কৌঁসুলিরা জানান, তারা ওই ৬ জনকে সেদেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। ১৯৮৪ সালে লিবিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি আওতায় এই ধরণের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। বুলগেরিয়ার সরকারি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট গিওর্গি পারভানভ তাদের ক্ষমা করে দিতে পারেন।
বুলগেরিয়ার প্রধান কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র মার্গারিটা পোপোভা বলেন, "আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করবো।" তবে এ প্রক্রিয়ায় কত সময় লাগবে সে ব্যপারে তিনি কিছু জানাননি।
উল্লেখ্য, লিবিয়ার রাজধানী বেনগাজির একটি শিশু হাসপাতালে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অপরাধে অভিযুক্ত করার পর গত বছর ওই ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় সেদেশের আদালত। অভিযুক্তরা বলছেন, তাদেরকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তারা নিরাপরাধ। বিদেশি এইচআইভি বিশেষজ্ঞরা জানান, অভিযুক্ত ৫ নার্স এবং চিকিৎসক হাসপাতালে যোগ দেওয়ার আগেই এইচআইভি সংক্রমণ ঘটে। এর কারণ সম্ভবত হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৪৫১ ঘ.
bdnews24