মিরানশাহ, পাকিস্তান, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে সেনাদের একটি টহল দলের ওপর জঙ্গি হামলায় বুধবার কমপক্ষে ১৬ সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে। ইসলামাবাদে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতির সভাস্থলে আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হওয়ার পরদিনই এ ঘটনা ঘটলো। লাল মসজিদে সেনা অভিযানের পর থেকেই উত্তরপশ্চিম সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে কট্টর ইসলামপন্থী জঙ্গিরা। কিন্তু তারপরও দেশে জরুরী অবস্থা জারির কথা বুধবার নাকচ করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
উত্তর ওয়াজিরিস্তানে বুধবারের হামলা সম্পর্কে সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানান,"১৬ জন সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন...এ হামলায় সব ধরনের অস্ত্রই ব্যবহার করেছে তারা।"
একজন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন মিরানশাহ শহরেরর ৪০ কিলোমিটার দূরে দাতা খেল এলাকায় টহল দেওয়ার সময় সেনাদের ওপর ওই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রথমে রাস্তার পাশে পেতে রাখা একটি 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' (আইইডি) এর বিস্ফোরণ ঘটে এবং একই সময়ে ওঁৎ পেতে থাকা জঙ্গিদের গুপ্ত হামলার শিকার হন সেনারা। একজন সেনা কর্মকর্তা বলেছেন গুপ্ত হামলার পর সেনা জঙ্গি সংঘর্ষে বহু জঙ্গি হতাহত হয়েছে।
একইদিনে উত্তর ওয়াজিরিস্তানে অপর এক হামলায় ছয়জন অসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন আরেক সেনা কর্মকর্তা।
এদিকে, পাক পুলিশ কর্মকর্তারা বলেছেন, রাজধানীতে হামলা চালানোর জন্য আত্মঘাতী হামলাকারী জঙ্গিরা ইসলামাবাদে প্রবেশ করেছে বলে তথ্য আছে তাদের কাছে। বরখাস্ত হওয়া প্রধান বিচারপতির সভাস্থলে বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার পরদিন একথা বলেন ইসলামাবাদের পুলিশ প্রধান ইফতিখার আহমেদ।
লাল মসজিদে সেনা অভিযানের পর সংঘাতময় উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলা বেড়ে যাওয়া এবং সর্বশেষ রাজধানী ইসলামাবাদেও সভাস্থলে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার মতো ঘটনা ঘটতে থাকায় দেশে জরুরি অবস্থা জারি করা হবে কি না সে প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান,"তিনি বলেছেন যে জরুরি অবস্থা জারি করা হবে না।" দেশটির শীর্ষ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.
bdnews24