কলম্বো, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - - শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তামিল টাইগার অধিকৃত সমস্ত এলাকা পুনর্দখলের অঙ্গীকার করেছেন। তামিল গেরিলারা পূর্বাঞ্চলীয় প্রদেশের এক সরকারি কর্মকর্তাকে হত্যার পর মঙ্গলবার তিনি এ অঙ্গীকার করেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়।
সোমবার পূর্বপ্রদেশের সচিব হিরাথ আবিভিরাকে উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি জেলায় 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) গেরিলারা গুলি করে হত্যা করে।
ওই দিন রাতেই রাজাপাকসে তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলেন, "স্বাধীন তামিল রাষ্ট্রের দাবিতে এলটিটিই গেরিলাদের সন্ত্রাসবাদী অভিযানে এটি আরেকটি জঘন্য হত্যাকাণ্ড। তামিলদের স্বাধীনতার কথা বলে তারা আলাদা রাষ্ট্র চায়। অথচ নিজেরাই নিজেদেরকে নিপীড়ন করছে।"
তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় না দেওয়ার এবং পূর্বাঞ্চলীয় এলাকাসহ সারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের যে সংকল্প এই হত্যাকাণ্ড সেটাকে আরও শক্তিশালী করেছে।
প্রসঙ্গত, চলতি মাসে টাইগারদের শেষ পূর্বাঞ্চলীয় ঘাঁটির পতন উদযাপনে আগামী বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে একটি অনুষ্ঠানে রাজাপক্ষে বক্তব্য রাখবেন।
তামিল গেরিলারা অবশ্য মঙ্গলবার ওই হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। গেরিলা বাহিনীর মুখপাত্র রাসিয়াহ হান্থিরাইয়ান তাদের শক্ত ঘাঁটি কিলিনচ্চি থেকে টেলিফোনে বলেন, ওই ঘটনার সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও আমাদের কোন ধারণা নেই।
তবে বিশ্লেষকরা বলছেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ এর আগেও তামিলরা এ ধরণের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বরাবরই অস্বীকার করেছে। তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।
জেনস্ ডিফেন্স উইকলির বিশ্লেষক ইকবাল আথাস বলেন, এতে কোন সন্দেহ নেই। এই হত্যাকাণ্ড প্রমাণ করে গেরিলারা পূর্বাঞ্চলে বেশ তৎপর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৭৪৬ ঘ.
bdnews24