ব্যাংকক, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ালায় মঙ্গলবার মোটরসাইকেল বোমা বিস্ফোরণে একজন পুলিশ সদস্য নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
কর্নেল আকরা তিপ্রোচ রয়টার্সকে জানান, আহতদের মধ্যে পুলিশ, সেনা এবং সাংবাদিক রয়েছেন। এর আগে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তারা সেখানে যান।
তিনি বলেন, "প্রদেশের রাজধানী ইয়ালায় পুলিশ অবশ্য ফাঁদ পাতার ব্যাপারে সতর্ক ছিলো। কিন্তু সেখানে যাওয়ার ২০ মিনিট পরও কোন কিছু না ঘটায় দলটি ঘটনাস্থলে যায় এবং বিস্ফোরণের শিকার হয়।"
তিনি আরো বলেন, দ্বিতীয় বোমাটি একটি মোটরসাইকেলের পিছনের আসনের নীচে লুকানো ছিলো এবং দুর-নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।
ইয়ালাসহ থাইল্যান্ডের সর্ব দক্ষিণের তিনটি প্রদেশে মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা তৎপর। ২০০৪ সালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর সেখানে ২ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৬৫০ঘ.
bdnews24