ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম তীরে আব্বাস প্রশাসনকে আরও শক্তিশালী করতে সেখানে ইসরায়েলের নিরাপত্তা কড়াকড়ি শিথিল করা এবং বন্দি মুক্তিসহ ফাতাহ জঙ্গিদের অব্যাহতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার জেরুজালেমে বৈঠক করেছেন। এদিকে, পর্তুগালের রাজধানী লিসবনে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের চতুর্পক্ষীয় বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নতুন ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্য দূতের দায়িত্ব নিয়ে এ সপ্তাহেই কাজ শুরু করতে পারেন এমন অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ'র উদ্যোগে প্রথম বৈঠক।
আব্বাস ওলমার্ট বৈঠকে ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া এবং আব্বাসের ফাতাহ দলের ১৮০ জন সশস্ত্র যোদ্ধাকে 'আটক কিংবা হত্যা'র অভিযান থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, গত মাসে হামাসের গাজা দখল করে নেওয়ার পর সেখানে হামাসকে নিয়ন্ত্রণে উজ্জীবিত ফাতাহকে ব্যবহার করার লক্ষ্যে আব্বাসের পদক্ষেপ চান চান তারা।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী মেইর শিত্রিত বলেছেন,"আবু মাজেনের (আব্বাস) এখন হারানোর কিছু নেই। একসময় তাকে হামাসের সঙ্গে সমঝোতা করতে হয়েছে এবং সে তাদের সঙ্গে লড়াই করতে চায়নি। কিন্তু এখন তাকে চূড়ান্ত পরীক্ষা দিতে হচ্ছে।"
শিত্রিত বলেন,"আমরা আশা করছি যে এসব পদক্ষেপ গ্রহণ করা হলে তাকে শক্তিশালী করা হবে এবং চুক্তির তার অংশ বাস্তবায়নে সক্ষম হবেন তিনি।"
এদিকে পর্তুগালের রাজধানী লিসবনে মধ্যপ্রাচ্য মধ্যস্থতাকারীদের চতুর্পক্ষীয় উদ্যোগের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নতুন করে বক্তব্য রাখার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের। একইসঙ্গে তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মধ্যপ্রাচ্য দূতের দায়িত্ব নেওয়া ও কাজ শুরু করা নিয়েও কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা একথা জানান। হামাসের গাজা দখল এবং ব্লেয়ারের মধ্যপ্রাচ্য দূতের দায়িত্ব নেওয়ার প্রেক্ষিতে এটাই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইইউ চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য উদ্যোগের প্রথম বৈঠক।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসকে সমর্থন ও সহায়তা দেওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট বুশের অঙ্গীকার সম্পর্কে রোববার এবিসি টেলিভিশনের 'এই সপ্তাহ' অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি বলেছেন," তিনি (বুশ) কিছু ধারণা দেবেন। তা হচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে তাদের কি সহায়তা করতে পারি।"
হ্যাডলি বলেন, " প্রেসিডেন্ট মনে করেন গাজায় ইসলামপন্থী হামাসের সহিংসতা ও বিশৃঙ্খলা আর প্রেসিডেন্ট আব্বাস ও প্রধানমন্ত্রী (সালাম) ফাইয়াদের অধীনে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একটিকে বেছে নিতে ফিলিস্তিনিদের জন্য সেখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে।"
লিসবনের ওই বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিঃসা রাইস সহ ইইউ ও রাশিয়ার নেতৃবৃন্দ অংশ নেবেন। গ্রিনিচ সময় সোমবার বিকাল ১৭১৫ মিনিটে প্রেসিডেন্ট বুশের ওই ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১০ ঘ.
bdnews24