২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন ঘটনায় অস্ট্রেলিয়ায় আটক ভারতীয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই

অস্ট্রেলিয়ায় ১১ দিন ধরে আটক থাকা ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে ব্রিটেনে বোমা হামলা প্রচেষ্টায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই পুলিশের কাছে। কিন্তু পুলিশ বলেছে হামলাকারীদের সঙ্গে 'উল্লেখযোগ্য যোগাযোগ' রয়েছে ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফের। দেশটির গণমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হলে অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, হানিফের আটকাদেশ নিয়ে বিব্রত নন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ক্যানবেরা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় ১১ দিন ধরে আটক থাকা ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে ব্রিটেনে বোমা হামলা প্রচেষ্টায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই পুলিশের কাছে। কিন্তু পুলিশ বলেছে হামলাকারীদের সঙ্গে 'উল্লেখযোগ্য যোগাযোগ' রয়েছে ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফের। দেশটির গণমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা হলে অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, হানিফের আটকাদেশ নিয়ে বিব্রত নন তিনি। সন্ত্রাসবাদ-বিরোধী আইনে হানিফকে আটক রাখার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আনতে না পারলে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া উচিৎ সরকারের। কিন্তু সন্ত্রাসবাদবিরোধী আইনে এ আটকাদেশের পক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী হাওয়ার্ড স্থানীয় বেতারে বলেছেন, "আমি এসব আইন নিয়ে সন্তুষ্ট। কারণ, আমিই এসবের উদ্যোগ নিয়েছি। আমি এর পক্ষে। বর্তমান অবস্থায় যেসব আইন কার্যকর করা হচ্ছে আমাদের তার পক্ষে দাড়ানো উচিৎ।" হাওয়ার্ড বলেন,"আমি মনে করি অস্ট্রেলিয়ার নাগরিকরা কার্যকর আইনের অধীন এবং ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আমাদের মাটিতে এ ধরনের কোনো সন্ত্রাসী হামলার শিকার হতে হয়নি আমাদের।" কুইন্সল্যান্ডের বসবাসরত ভারতীয় বংশোদ্ভুত ২৭ বছর বয়সী চিকিৎসক হানিফকে পুলিশের চাহিদা অনুযায়ী, আরও রিমান্ডে রাখা যাবে কি না সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত দেওয়ার কথা অস্ট্রেলিয়ার একটি আদালতের। স্থানীয় সংবাদপত্রগুলো জানায় ছয়জন ভারতীয় চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে এবং এদের একজনকে ১১ দিন ধরে আটক রেখেও ব্রিটেন বোমা হামলা ঘটনার সঙ্গে কোন সম্পৃক্ততাই প্রমাণ করতে পারেনি পুলিশ। মোহম্মদ হানিফ ছাড়া বাকী পাঁচ ভারতীয় চিকিৎসককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। ব্রিটেনে বোমা হামলা প্রচেষ্টায় আটকদের ছয়জনই চিকিৎসক। এর মধ্যে ইরাকি চিকিৎসক বিলাল আবদুল্লাহর বিরুদ্ধে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ গঠন করা হয়েছে গত সপ্তাহে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩৫ ঘ.