কাবুল, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানকে হেলিকপ্টার ও হেলিকপ্টার গানশীপসহ আরও কয়েক ধরনের মোট ১৮৬ টি বিমান দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে এ বছর আগস্টেই ৬ টি হেলিকপ্টার গানশীপ পাবে আফগানিস্তানের বিমান বাহিনী। এর পর ২০১২ সাল নাগাদ বাকী বিমানগুলো আফগানিস্তানে পৌঁছবে। তবে এ তালিকায় কোনো জঙ্গি বিমান নেই। আফগানিস্তানের বিমান বাহিনীর প্রধান জেনারেল আব্দুল ওয়াহাব কারামান বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানিয়েছেন।
ওয়াহাব বলেন, " আমাদেরকে ১৮৬ টি বামান সরবরাহ করা হবে এবং আমরা এ নিয়ে আলাপও করেছি। কিন্তু ২০১২ সালের আগে আমরা কোনো জঙ্গি বিমান পাচ্ছি না। এর পরে কি হবে তা আল্লাহই জানেন।" তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত মার্কিন ও ন্যাটো বাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র এই বিমানগুলো আফগানিস্তানকে দিচ্ছে বলে জানান ওয়াহাব।
২০১২ সাল নাগাদ আফগানিস্তান বাগরাম ছাড়া সবকটি বিমান ঘাঁটিতেই পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে ওয়াহাব আশা প্রকাশ করেন। বিমান সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। ওয়াহাব জানান, আগষ্টে ৬ টি হেলিকপ্টার আফগানিস্তানে পৌঁছবে চেক রিপাবলিক থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৯ঘ.
bdnews24