কলম্বো, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শ্রীলংকার পূর্বাঞ্চলে তামিল টাইগার গেরিলাদের শেষ শক্ত ঘাঁটি থপ্পিগালা বনাঞ্চল দখল করে নেওয়ার দাবি করেছে সেনাবাহিনী। বাত্তিকালোয়া জেলার এ বনাঞ্চলটি নব্বই দশকের মাঝামাঝি থেকে তামিল টাইগারদে দখলে ছিল। ফেব্র"য়ারি মাস থেকে শুরু করা অভিযানে বুধবার এলাকাটি পুরোপুরি গেরিলামুক্ত করার দাবি জানায় সেনাবাহিনী।
জাতীয় নিরাপত্তা তথ্যকেন্দ্রের এক মুখপাত্র বুধবার জানান,"কমান্ডো ও সেনারা কয়েকঘন্টা আগে থপ্পিগালার ব্যারনস ক্যাপ এলাকা দখল করে নিয়েছে।"
ফেব্র"য়ারি মাসে অভিযান শুরুর সময় থেকে এ পর্যন্ত কয়েকশ' টাইগারকে হত্যার দাবি করেছে সেনারা। কিন্তু নিরপেক্ষ কোনো সূত্র থেকে সেনা কিংবা গেরিলাদের ক্ষয়ক্ষতির কোন বিবরণ পাওয়া যায়নি।
থপ্পিগালা বনাঞ্চলটিই ছিল পূর্বাঞ্চলে তামিল টাইগারদের নিয়ন্ত্রণাধীন সবচেয়ে বড় এলাকা। দ্বীপদেশটির একেবারে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় টাইগারদের ভাল নিয়ন্ত্রণ থাকলেও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সেনা - গেরিলা তুমুল লড়াই চলছিল বেশ কিছুদিন ধরেই।
উল্লেখ্য, শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে তামিল টাইগার গেরিলারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ঘ.
bdnews24