রায়পুর, ভারত (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার অন্ততপক্ষে ২৪ জন পুলিশ নিহত হয়েছে। ছত্তিশগড়ের জঙ্গলে নিহত পুলিশদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার পার্বত্য জঙ্গলে মাওবাদী বিদ্রোহীদের কেন্দ্রস্থলের কাছে মোতায়েন ৯০ জন সেনার একটি দলের সঙ্গে ওই ২৪ জন পুলিশও ছিলেন।
রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল গিরধারী নায়ক রয়টার্সকে বলেন, "সংঘর্ষস্থলের কাছ থেকে উদ্ধারকারীরা নিহত পুলিশদের মৃতদেহ উদ্ধার করেছে।"
এর আগে কর্তৃপক্ষ ২৪ জন পুলিশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানায় এবং তাদেরকে খুঁজতে লোক পাঠায়।
উল্লেখ্য, ভারতে মাওবাদীদের দাপট আছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা সরকারি কর্মকর্তা ও সম্পদের ওপর হামলা চালিয়ে থাকে বেশি। দরিদ্র ও ভূমিহীন কৃষকদের অধিকার আদায়ের জন্যই তারা লড়ছে বলে দাবি করে আসছে।
১৯৬০ এর দশকের শেষভাগে শুরু হওয়া এই মাওবাদী বিদ্রোহে ভারতে এ পর্যন্ত হাজার হাজার লোকের মৃত্যু ঘটেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24