আমস্টারডাম, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- জাতিসংঘের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন বসনিয়ার সাবেক প্রধান মুসলিম সেনাপতি রাসিম দেলিক। ১৯৯২ থেকে ৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় তার নেতৃত্বাধীন মুসলিম সেনাদের বসনিয়ার ক্রোট ও সার্বদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে তাকে। সোমবার হেগে আন্তর্জাতিক আদালতে হাজির করার কথা তাকে।
মামলায় বলা হয়েছে, বসনিয়া যুদ্ধের সময় সেখানে 'জিহাদে' যোগ দিতে আসা পশ্চিম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মুসলিম যোদ্ধাদের কথিত বর্বরতা দমনে ব্যর্থতা এবং বসনিয়ার মুসলিম সেনাদের নির্বিচার নিপীড়ন চালানোর জন্য দায়ী দেলিক।
অভিযোগে বলা হয়, ১৯৯৩ সাল মেলেইন গ্রামে ২৪ জন বন্দি ক্রোটকে নির্বিচারে গুলিকরে হত্যা করে বিদেশী মুজাহিদীনরা।
এছাড়াও ১৯৯৫ সালে একটি বন্দিশিবিরে এক বসনিয়ান সার্বকে গলাকেটে হত্যা করে মুসলিম সেনারা। পরে ওই বিচ্ছিন্ন মাথা একটি হুকে ঝুলিয়ে দিয়ে তাতে চুমু থেকে বাধ্য করা হয় অন্যান্য সার্ব বন্দিদের।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালাতে বিচারের মুখোমুখি হওয়া অল্পকিছু মুসলিম নেতার অন্যতম রাসিম দেলিক। ২০০৫ সালের ফেব্র"য়ারিতে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের কাছে আত্মসমর্পণের পর তাকে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছিল। গতমাসে আবার তাকে হেগে'র নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
দেলিকের আইনজীবিরা শেষ মুহূর্তে এসেও বিচার বাতিলের আবেদন জানিয়ে মামলাটিকে বসনিয়ার একটি আদালতে স্থানান্তরের জন আপিল করেন। কিন্তু তাদের আপিল নাকচ করে দিলেও সাক্ষ্যপ্রমাণের শুনানির জন্য অত্যন্ত কম সময় বেঁধে দিয়েছে আদালত। সমালোচকরা বলেছেন এর ফলে এ ধরনের যুদ্ধাপরাধ মামলার বিচারে আন্তর্জাতিক আদালতেরএক্ষত্র সংকুচিত হয়ে পড়বে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/ ১৮৫০ ঘ.
bdnews24