বাগদাদ,জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকে দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণ এবং একটি মর্টার হামলায় শুক্র ও শনিবারে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর মধ্যে বাগদাদের কেন্দ্রস্থলে একটি বাড়ির ছাদে মর্টারবোমা হামলায় নিহত হয়েছেন এক দম্পতি ও তাদের চার সন্তানসহ একই পরিবারের মোট সাতজন। এদিকে গত দুদিনে ইরাকে ৬ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। গত কিছুদিন কঠোর সেনা অভিযানের মধ্যে ইরাকে সহিংসতার ঘটনা কিছুটা কমলেও গত দুদিনে তা তীব্র আকার ধারণ করেছে।
উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতো শহরে রাস্তার ওপর একটি খোলা বাজারের মধ্যে এক গাড়িবোমার বিস্ফোরণ ঘটে শনিবার সকালে। এত ২২ জন নিহত এবং আরও ৪০জন আহত হন। হতাহতদের সবাই অসামরিক নাগরিক। হামপাতাল কর্মকর্তা ও পুলিশ জানায় আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারেবলে আশংখা করা হচ্ছে।
পুলিশ বলেছে এটি আত্মঘাতী গাড়িবোম হামলা না কি থামিয়ে রাখা গাড়িতে বোমাটি পাতা ছিল তা নিশ্চিত নন তারা।
এর আগে দিয়ালা প্রদেশের ইরান সীমান্তবর্তী অঞ্চলে আরেক গাড়িবোমা হামলায় ২২ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায়।
গারঘাউশ গ্রামের স্থানীয় পরিষদের প্রধান ইব্রাহিম আল বাজিলাম জানান শিয়া মতাবলম্বী কুর্দি গ্রামবাসীরা একটি জানাজা থেকে ফেরার সময় ওই হামলার শিকার হন।
বাগদাদের কেন্দ্রস্থলে সুন্নিপ্রধান ফাদহিল এলাকার একটি বাড়ির ছাদে মর্টারবোমার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন নিহত হন শুক্রবার গভীর রাতে। বিদ্যুৎ না থাকার কারণে গ্রীষ্মকালের গরম এড়াতে ছাদে শুয়ে ঘুমাচ্ছিল বাবা মা ও চার সন্তানের ওই পরিবারটি। এ ছয়জন ছাড়াও তাদের সঙ্গে থাকা এ আত্মীয়ও নিহত হয় ওই ঘটনায়। পরিবারটির সব ছেলেমেয়েদের বয়স ছিল ৯ থেকে ১৭ বছরের মধ্যে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০০ ঘ.
bdnews24