২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে লাল মসজিদের অচলাবস্থা কাটেনি, সমঝোতা চান ইসলামপন্থীরা

ইসলামাবাদের লাল মসজিদের অচলাবস্থা কাটাতে উগ্রবাদী নেতা আব্দুল রশিদ গাজীর সঙ্গে দেখা করতে চেয়েছেন পাকিস্তানের ইসলামপন্থী রাজনীতিকরা। তবে শুক্রবার আব্দুল রশিদ বলেছেন মৃত্যুবরণ করতে হলেও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না তিনি। এদিকে শনিবার সকালেও লাল মসজিদ এলাকায় ব্যাপক গোলাগুলি ও ভারী গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ইসলামাবাদ, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসলামাবাদের লাল মসজিদের অচলাবস্থা কাটাতে উগ্রবাদী নেতা আব্দুল রশিদ গাজীর সঙ্গে দেখা করতে চেয়েছেন পাকিস্তানের ইসলামপন্থী রাজনীতিকরা। তবে শুক্রবার আব্দুল রশিদ বলেছেন মৃত্যুবরণ করতে হলেও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না তিনি। এদিকে শনিবার সকালেও লাল মসজিদ এলাকায় ব্যাপক গোলাগুলি ও ভারী গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষে সেখানে এ পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী শনিবার জানিয়েছে মসজিদের ভেতের থাকা কয়েকশত ছাত্রছাত্রীকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে এখনও অভিযান চালানো হচ্ছে না মসজিদ চত্বরের ভেতরে। তবে লাল মসজিদের সঙ্গে সম্পৃক্ত আরেকটি মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা। এদিকে শুক্রবারে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যার প্রচেষ্টা সম্পর্কে দেশটির সরকার বলেছে মুশাররফের বিমানের সঙ্গে বিমানবন্দর এলাকার ওই গোলাগুলির কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা। পাকিস্তানের একটি ইসলামপন্থী দলের নেতা ও পার্লামেন্টের সদস্য সামিয়া রাহিল কাজী বলেছেন অচলাবস্থা নিরসনে মাদ্রাসা কর্তৃপক্ষকে রাজি করাতে লাল মসজিদে গিয়ে আলোচনা করতে চান তারা। তিনি বলেন," আমরা চাই সরকার এ অভিযান বন্ধ করুক। আমরা এটাও চাই যে মসজিদ কর্তৃপক্ষ তাদের অনড় অবস্থান থেকে সরে আসুক এবং ছেলেমেয়েদের হস্তান্তর করুক।" এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার সকালেও তুমুল গোলাগুলি হয়ছে ওই এলাকায়। গোলাগুলিতে এক সেনা নিহত হয়েছেন এবং তার লাশ পড়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। কিন্তু কর্তৃপক্ষ কোনো হতাহতের কথা স্বীকার করেননি। শুক্রবার মসজিদ থেকে বেরিয়ে আসা এক শিক্ষার্থী জানিয়েছে, বয়স্ক ছাত্ররা কম বয়সী ছাত্রদের মসজিদের ভেতরে থাকতে বাধ্য করছে। আরেক শিক্ষার্থী জানায় মসজিদের ভেতরে খাবার ও পানি ফুরিয়ে আসছে। ভেতরে কয়েকজন আহত ছাত্রও রয়েছে বলে জানায় সে। শনিবার সকালে রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে লাল মসজিদ নেতা আব্দুল রশিদ গাজী বলেছেন,"আমি আমার অবস্থান থেকে সরছি না, আত্মসমর্পণের প্রশ্নই আসে না।" তবে ইসলামপন্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন বলে জানান তিনি। রশিদ জানান শুক্রবার সেনাদের গুলিতে তিন ছাত্র নিহত হয়েছে। ছাত্রছাত্রীদের জোর করে আটকে রাখা এবং তাদের মানবঢালহিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সরকারের অভিযোগ নাকচ করে দেন আব্দুল রশিদ। এর আগে পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আজিম খান বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী মানবঢাল হিসাবে শিশুদের ব্যবহৃত হওয়ার কথা জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে খান বলেন, "সশস্ত্র জঙ্গিরা মসজিদ কক্ষে বহু নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।" তিনি আরও জানান, "আটক জঙ্গি নেতা আজিজের ভাই মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার বেজমেন্টে ২৫ জন নারীকে জিম্মি করে লুকিয়ে আছে।" আজিম বলেন, " হ্যাঁ। তারা মানবঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, জঙ্গিরা জিম্মিদের উদ্বিগ্ন হতে মানা করছে। নারী ও শিশুদের তারা বলছে, উদ্বিগ্ন হবেন না। কারণ, আপনারা যতক্ষণ এখানে আছেন ততক্ষণ নিরাপত্তা বাহিনী আমাদের আক্রমণ করবে না।" এর আগে লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বুধবার সন্ধ্যায় একদল ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ঘ.