জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ব্রেনড্যান নেলসন এই প্রথমবারের মতো স্বীকার করেছেন, তেল সরবরাহ নিশ্চিত করতেই অস্ট্রেলিয়ার সেনারা ইরাকে আছে। ইরাকে সেনা পাঠানোর পেছনে তেলই আসল নিয়ামক। তবে প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে সঙ্গে সঙ্গেই হালকা করার চেষ্টা নেন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। তিনি বলেন, "আমরা তেলের কারণে সেখানে যাইনি। তেলের কারণেও সেখানে নেই।"
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যে উত্তপ্ত বিতর্ক সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, ইরানের মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বরাবরই ইরাক যুদ্ধের সঙ্গে তেলের স্বার্থের বিষয়টি এড়িয়ে এসছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে ইরাক যুদ্ধে যোগ দেয় অস্ট্রেলিয়া।
ইরাকে বর্তমানে মোতায়েন রয়েছে ১৫০০ অস্ট্রেলীয় সেনা। তাদেরকে দেশে ফিরিয়ে আনার আসন্ন কোনো পরিকল্পনা এখনও নেই। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশনে নেলসন স্বীকার কলেছেন, তেল সরবরাহের বিষয়টিই ওই এলাকায় অস্ট্রেলিয়ার কৌশলগত পরিকল্পনার মূলে রয়েছে।
তিনি আরও বলেন "একথাও সত্য এবং স্পষ্ট যে, কেবল ইরাকই নয় বাদবাকী বিশ্বের মধ্যে গোটা মধ্যপ্রাচ্যই জ্বালানি শক্তি, বিশেষ করে তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। আর তাই ইরাক থেকে আগেভাগে সেনা সরালে কি হবে-- তা অস্ট্রেলিয়াবাসী এবং সবারই ভেবে দেখা প্রয়োজন।"
এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সরকার প্রথমবারের মতো ইরাক যুদ্ধের সঙ্গে তেলের স্বর্থের বিষয়টি জড়িত থাকার কথা স্বীকার করল বলে মনে করা হচ্ছে।
কিন্তু এ মন্তব্য হালকা করার চেষ্টায় হাওয়ার্ড একটি স্থানীয় বেতার স্টেশনে বলেন, "বেশির ভাগ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে-আমরা একথা জানলেও-- আমরা তেলের কারণে ইরাকে যাইনি। বরং ইরাকের জনগণকে গণতন্ত্র বরণ করে নেওয়ার সুযোগ দিতেই আমরা সেখানে রয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24