ইসলামাবাদ, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানে ইসলামাবাদের 'লাল মসজিদে' সশস্ত্র মাদ্রাসা ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। উত্তেজনা প্রশমনের চেষ্টায় ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ মাদ্রাসার ছাত্রদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছে। ভোর হওয়ার আগেই ১২ টি সাজোঁয়া যান নিয়ে লাল মসজিদ এলাকায় অবস্থান নিয়েছে সেনারা। মসজিদের আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার কাজে সেনাদের সঙ্গে যোগ দিয়েছে আধাসামরিক বাহিনী।
লাল মসজিদের গোঁড়া মুসলিম ধর্মীয় নেতা ও তাদের অনুসারীদের ওপর দমনাভিযান চালানোর জন্য রাজনীতিবিদদের নতুন চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। মসজিদে সেনা অভিযান চললে আত্মঘাতী হামলা চালানো হবে বলে মাদ্রাসা থেকে ইতোমধ্যেই হুমকি এসেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার মাদ্রাসা ছাত্ররা মসজিদের কাছের একটি সরকারি দপ্তরের নিরাপত্তা টহলে হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে চার পুলিশকে জিম্মি করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। মুহুর্মুহু টিয়ার গ্যাস আর স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা।
সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাদ্রাসা ছাত্ররা কাছের পরিবেশ মন্ত্রণালয়ের একটি দপ্তরে ব্যাপক ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি গাড়িসহ ওই ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় আশপাশের অন্যান্য ভবনেও ইটপাটকেল নিক্ষেপ করে ওই ছাত্ররা।
সংঘর্ষ চলাকালেই মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয় যে,"দশ মিনিটের মধ্যে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছিলাম আমরা। কিন্তু তা না করায় এখন আমরা আত্মঘাতী হামলা চালানোর আহ্বান জানাচ্ছি।"
সংঘর্ষে তাৎক্ষণিকভাবে এক আধাসামরিক সেনা ও এক টেলিভিশন ক্যামেরাম্যানসহ নিহত হয় কমপক্ষে ৬ জন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবশ্য সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার কথা জানায়। পরে হাসপাতালের কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। বুধবার টেলিভিশন স
bdnews24