টোকিও জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের প্রধানমন্ত্রী মিনজো আবের জনপ্রিয়তা আরও একধাপ কমে ৩০ শতাংশের নীচে নেমে এসেছে। জাপানে আসন্ন পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের আগে এক জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে। পেনসন সিস্টেম নিয়ে সরকারের অব্যবস্থাপনা, রাজনৈতিক দুর্নীতি নিয়ে ভোটারদের উদ্বেগ-- প্রভৃতি কারণে আবের জনপ্রিয়তায় এ ধ্বস নেমেছে। ফলে ২৯ জুলাইয়ের নির্বাচনের আগে জনসমর্থন আদায়ে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে আবেকে।
শনিবার ২য় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলা এবং এর পরিপ্রেক্ষিতে ওই যুদ্ধ অবসান নিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাইয়ুমার বিতর্কিত মন্তব্যে আবের জনপ্রিয়তা নতুন করে ধাক্কা খেয়েছে। কাইয়ুমা এর জন্য ক্ষমা চাইলেও বিরোধীদলীয় আইনপ্রণেতারা তার পদত্যাগ দাবি করেছেন। আবেও কাইয়ুমাকে কথা বলার ব্যাপারে আরও সাবধান হতে বলেছেন। আবের জনপ্রিয়তা কমতে থাকার এই সময়ে অনেকটা অনভিপ্রেতভাবেই ঘটেছে কাইয়ুমের এই ঘটনাটি।
জরিপে দেখা গেছে, জনগণের মাত্র ২৮ শতাংশ আবেকে সমর্থন দিয়েছে। অথচ এর মাত্র এক সপ্তাহ আগে ৩১ শতাংশ জনগণ আবেকে সমর্থন দিয়েছিল। গত সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর এই প্রথম আবের জনসমর্থন ৩০ শতাংশের নীচে নেমে এল।
জরিপে ৪৮ শতাংশ উত্তর দাতাই আবেকে সমর্থন দেয়নি। জুনে জিজি সংবাদ সংস্থার একটি আলাদা জরিপে দেখা যায়, আবের জনসমর্থন ছিল ২৮ দশমিক ৮ শতাংশ। ২০০১ সালের পর এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৩০ এর নীচে নেমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ঘ.
bdnews24