লন্ডন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ইরান এবং উত্তর কোরিয়ার সম্মিলিত শক্তির চেয়েও যুক্তরাষ্ট্রকে বিশ্বের স্থিতিশীলতায় বড় ধরনের হুমকি বলে মনে করেন বেশির ভাগ ইউরোপীয়। সোমবার পরিচালিত এক জনমত জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকার জন্য পরিচালিত 'দ্য হ্যারিস ইন্টারঅ্যাকটিভ সার্ভে'র ফলে দেখা গেছে, ৫ টি ইউরোপীয় দেশ-- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন-- এ জরিপে অংশ নেওয়া ৫ সহস্রাধিক উত্তরদাতার ৩২ শতাংশই যুক্তরাষ্ট্রকে বিশ্বের স্থিতিশীলতায় সবচে বড় হুমকি মনে করেন।
যুক্তরাষ্ট্রের পরেই এ তালিকায় উঠে এসেছে চীন। ১৯ শতাংশ ইউরোপীয় চীনকে বিশ্বের স্থিতিশীলতায় হুমকি মনে করেন। ১৭ শতাংশ ইউরোপীয় ইরানকে হুমকি মনে করেন। ১১ শতাংশ মনে করেন ইরাককে। ৯ শতাংশ উত্তর কোরিয়াকে, আর মাত্র ৫ শতাংশ রাশিয়াকে বিশ্বের স্থিতিশীলতায় হুমকি মনে করেন।
এর ঠিক বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রে। মার্কিনিরা বেশিরভাগই উত্তর কোরিয়াকে বিশ্বের স্থিতিশীলতায় সবচে বড় হুমকি মনে করছেন। ২৩ শতাংশ মার্কিনি হুমকি মনে করছেন ইরানকে এবং ২০ শতাংশ মার্কিনি হুমকি মনে করছেন চীনকে। আর যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করেন মাত্র ১১ শতাংশ মার্কিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24