ইসলামাবাদ, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- গত কয়দিনের মৌসুমী ঝড়ঝঞ্ঝায় বিধ্বস্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে শনিবার সেখানে আঘাত হেনেছে ভয়াবহ আকস্মিক বন্যা। উপকূলীয় জলোচ্ছাসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় খুজদার জেলার ছয়টি গ্রাম প্রায় সর্র্র্ম্পূর্ণ ভেসে যায়। এতে ৩০ জন নিহত এবং প্রায় ১০,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগাম বর্ষার ঝড়ঝঞ্জায় গত দশদিনে প্রায় ৬০০ মানুষ নিহত হন এবং হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে কয়েকলাখ মানুষ চরম দুর্দশায় পতিত হন।
বেলুচিস্তানের উপ - প্রদেশিক ত্রাণ কমিশনার আলি গুল কুর্দ বলেছেন শনিবারের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান,"আমরা এখন পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করতে পারলেও প্রকৃতপক্ষে কতোজন মানুষ নিখোঁজ রয়েছে তা আমাদের জানা নেই।" পরিস্থিতির অবনতির কথা জানিয়ে তিনি বলেন, সবকিছুই তছনছ হয়ে যাচ্ছে, ঠিকমতো উদ্ধার কাজ করা যাচ্ছে না।
কুর্দ জানান,"বেশিরভাগ স্থানচ্যুত মানুষকেই বিভিন্ন বিদ্যালয়ের সাময়িক আশ্রয়ে পাঠানো হয়েছে। কিন্তু পর্যাপ্ত বিদ্যালয় না থাকায় স্থান সংকুলান হচ্ছে না।"
২৩ শে জুন করাচিতে ঘুর্নিঝড়ে ২৩০ জন নিহত হওয়ার তিনদিন পরই বেলুচিস্তানে আঘাত হানে ঝড় ও বন্যা। এতে প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং আড়াইলাখ মানুষ স্থানচ্যুত হয়ে পড়েন। নিহত হন ১১০ জন।
পাস্তানের সামরিক বাহিনী ওই এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। ছয়টি সি - ১৩০ কার্গো বিমান এবং বিশ পঁচিশটি হেলিকপ্টারে করে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এদিকে সড়ক যোগাযোগ বিপর্যস্ত থাকায় স্থলপথে ত্রাণ বিতরণের জন্য রেলপথ ব্যবহার করা হচ্ছে বলে জানান ত্রাণ কর্মকর্তা কুর্দ। রেলপথে সিবি শহরের স্টেশনে ত্রাণ পৌঁছানো হচ্ছে এবং সেখান থেকে স্থানীয়ভাবে তা বিতরণ করা হচ্ছে।
এছাড়াও উপকূলীয় এলাকায় নৌযানের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানান তিনি।
খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন সরকারি ও বেসরকারি ত্রাণকর্মীরা।
এদিকে সিন্ধু বেলুচিস্তানের প্রধান আবহাওয়া কর্মকর্তা শওকাত আলি আনওয়ান বলেছেন,"আগামী দিনগুলোতে শহর এলাকায় আরও আকস্মিক বন্যার শিকার হতে পারি আমরা এবং এসময় নিম্নাঞ্চলগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে।"
দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে আগামী কয়েকদিনে আরও বৃষ্টি এবং ঝড় ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24