২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শক্তিশালী বোমা উদ্ধার, সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু

লন্ডনে একটি গাড়ির ভেতর থেকে শুক্রবার ভোরে একটি 'শক্তিশালী' বোমা উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। মধ্য লন্ডনের নাটক পাড়ার কেন্দ্রস্থলে হে'মার্কেটের সামনের ব্যস্ত রাস্তায় গাড়িটি থামিয়ে রাখা ছিল। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং বোমা ও গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েকঘন্টা পরই এ ঘটনা ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

লন্ডন, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- লন্ডনে একটি গাড়ির ভেতর থেকে শুক্রবার ভোরে একটি 'শক্তিশালী' বোমা উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। মধ্য লন্ডনের নাটক পাড়ার কেন্দ্রস্থলে হে'মার্কেটের সামনের ব্যস্ত রাস্তায় গাড়িটি থামিয়ে রাখা ছিল। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং বোমা ও গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েকঘন্টা পরই এ ঘটনা ঘটলো। লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, "মারত্মক বিস্ফোরণ ক্ষমতা রয়েছে সন্দেহে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সেটাকে নিষ্ক্রিয় করা হয়েছে।" বিবৃতিতে বলা হয়, শুক্রবার খুব ভোরে হে'মার্কেটের সামনের রাস্তায় একটি গাড়ি পরীক্ষা করে দেখার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তাদের ডাকা হয়। মধ্যরাতের দিকে রাস্তার মাঝখানে একটি গাড়ি সন্দেহজনকভাবে দাঁড় করানো অবস্থায় দেখে পুলিশকে তা জানায় মানুষজন। পরে স্থানীয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে ভোরের বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তারা সেখানে যান। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানায়, বোমাটি 'খুবই শক্তিশালী' এবং ওই গাড়িটিতে 'গ্যাস কন্টেইনার' রাখা ছিল। ফলে বোমাটি বিস্ফোরণ ঘটলে তাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারতো। সদ্য নিয়োগ পাওয়া ব্রিটিশ বিচারমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, শুক্রবার খুব সকালেই সরকারকে এ সম্পর্কে জানানো হয়েছে। তিনি বলেন,"জনগণের আস্থাভাজন হয়েই পুলিশকে তাদের কাজ করা সুযোগ দিতে হবে।" বিবিসি বেতারে দেওয়া এক সাক্ষাতকারে শুক্রবার সকালে স্ট্র একথা বলেন। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখায় আশপাশের এলাকা মধ্য লন্ডনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের কাছে কাউকে যেতে না দেওয়ায় স্থানীয় অফিস আদালত ও দোকানপাটের কর্মীরা সেখানে যেতে পারছেন না। লন্ডন পরিবহন দপ্তরের এক কর্মকর্তা জানান পিকাডেলি এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু বাস সার্ভিসও এতে বাধাগ্রস্ত হয়েছে। হে'মার্কেট এলাকাটি লন্ডনবাসী ও পর্যটকদের ভীড়ে সবসময় জমজমাট হয়ে থাকে। থিয়েটার হল, রেঁস্তোরা ও পাব ভর্তি পিকাডেলি সার্কাসের একদম লাগোয়া এ হে'মার্কেট। ২০০৫ সালের ৭ই জুলাইয়ে লন্ডনের পাতাল রেল ও বাস সার্ভিসে একযোগে বোমা হামলায় ৫২ জন নিহত হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৮ঘ.