ম্যানিলা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ছয়জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়ার পরমাণু চুল্লি নিষ্ক্রিয় করার কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কি না সরাসরি তা তদারকি করতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘ পরিদর্শকদের তৎপরতা ছাড়াও সেখানে স্বতন্ত্র পর্যবেক্ষণে যেতে চায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কমান্ডার বুধবার একথা বলেছেন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডার এডমিরাল টিমোথি কিটিং ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে বলেছেন,"আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ অন্যান্য সংস্থার সহায়তায় এবং তাদের সমন্বয়ে নিষ্ক্রিয় করার (পরমাণু স্থাপনা) কাজ যাচাই করার চেষ্টা করবো আমরা।"
কিটিং বলেন,"আপনারা বাজি ধরতে পারেন যে ছয়জাতি আলোচনার অন্যান্য দেশের সঙ্গে আমরা অত্যন্ত নিবিড়ভাবে ওই কাজ পর্যবেক্ষণ করবো।"
উত্তর কোরিয়ার ইয়নবিয়ন পরমাণু চুল্লি সম্পর্কে সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করে কিটিং জানান তারা সেখান থেকে অন্যান্য স্থাপনায় কোনোকিছু সরিয়ে নিয়ে যাচ্ছে কিনা কিংবা চুল্লিটি বন্ধ করে দিচ্ছে কিনা তা স্পষ্ট নয়। তিনি বলেন ৩৬ ঘন্টা আগে হাওয়াই থেকে ম্যানিলায় রওনা হওয়ারসময় তিনি ইে প্রতিবেদন দেখেছেন।
মার্কিন কমান্ডার বলেন," প্রাথমিকভাবে আইএইএ'র প্রতিবেদনের ওপর নির্ভর করবেন তারা। "
ব্যাংক তহবিলের অচলাবস্থা নিরসনের পর দেশটির ইয়নবিয়ন পরামাণু স্থাপনার কর্মকাণ্ড পরিদর্শনে এখন উত্তর কোরিয়ায় রয়েছে আইএইএ'র প্রধান পরিদর্শক।
মঙ্গলবার পিয়ংইয়ং এ পৌঁছায় জাতিসংঘ পরমাণু পরিদর্শক দল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান পরিদর্শক ওলি হেনোইনেন এর নেতৃত্বে পরিদর্শক দলটি বেইজিং থেকে থেকে পিয়ংইয়ং এ যায়।
পিয়ংইয়ং এর রওনা হওয়ার ঠিক আগে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ওলি হেইনোনেন সাংবাদিকদের বলেছিলেন,"আমাদের সবসময়ই আশাবাদী হতে হবে। আমি মনে করি ডিপিআরকে'কে যা করতে বলা হয়েছিল তারা এখন তা করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২০ ঘ.
bdnews24