ওয়াশিংটন, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফিদেল কাস্ত্রোকে খুন করার জন্য মাফিয়া চক্রকে ভাড়া করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের পরপরই উনিশশো ষাটের দশকের প্রথম দিকে 'গ্যাংস্টার' টাইপের বেশ কয়েকটি হত্যা প্রচেষ্টা চালায় সিআইএ। ফিদেলের মাথার জন্য সেসময়ের ১,৫০,০০০ ডলার পুরস্কার দিতে চেয়েছিল তারা। মঙ্গলবার প্রকাশিত সিআইএ'র গোপন নথিপত্র থেকে এসব কথা জানা গেছে।
গত কয়েক দশক ধরে বিদেশে বিভিন্ন হত্যাপ্রচেষ্টা, আভ্যন্তরীণ গোয়েন্দাগিরি ও অপহরণসহ স্নায়ুযুদ্ধকালীন সময়ে সিআইএ পরিচালিত নানা অভিযান অপকর্মের তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে কয়েকশ পৃষ্ঠার ওইসব দলিলপত্রে।
সিআইএ'র পরিচালক মাইকেল হেইডেন এসব দলিলপত্র প্রকাশ করেন। এক বিবৃতিতে সংস্থাটির কর্মীদের হেইডেন বলেন এসব নথিপত্র প্রকাশের একটি দিক হলো 'সিআইএ'র কখনও করা উচিৎ হবে না' এমন বিষয়গুলো সম্পর্কে সতর্ক করে দেওয়া। তিনি বলেন এতে খুবই অন্যরকম একটি সংস্থাকে খুঁেজ পাওয়া যাবে।
আমেরিকার কোলের মধ্যে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের শুরু থেকেই কাস্ত্রোকে উৎখাত ও হত্যার চেষ্টা চালিয়ে আসছিল সিআইএ। সিআইএর নথিপত্রে জানা যায় সংস্থাটির পরিচালক "একটি অত্যন্ত স্পর্শকাতর অভিযানে গ্যাংস্টার টাইপের ব্যবস্থা নেওয়ার" জন্য তার প্রত্যয় ব্যক্ত করেছিল এবং "ওই অভিযানের লক্ষ্য হচ্ছে ফিদেল কাস্ত্রো"।
কাস্ত্রো অভিযানের জন্য মাফিয়া চক্রের শীর্ষ স্থানীয় নেতা এবং লাস ভেগাস উপত্যকায় জুয়ার ব্যবসা নিয়ন্ত্রণকারী জনি রোসেলির সঙ্গে যোগাযোগ করেছিল সিআইএ।
কিন্তু সিআইএ কিংবা মার্কিন সরকারের সঙ্গে এ গুপ্ত হত্যার সম্পর্ক গোপন রাখার বিষয়ে অত্যন্ত তৎপর ছিল সিআইএ। নথিতে বলা হয় "রোসেলিকে এটা বোঝাতে হবে যে যুক্তরাষ্ট্র সরকার এ অভিযান সম্পর্কে কিছু জানে না এবং সরকারকে এ বিষয়ে কিছু জানতে দেওয়া যাবে না।"
রোসেলিকে সিআইএ যে গল্প বলেছিল সেটা হল কাস্ত্রোর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বেশকিছু আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান কিউবায় ব্যবসা করতে পারছে না এবং তাদের বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। ফলে কাস্ত্রোকে সরাতে পারলে তাকে ১,৫০,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে।
নিউইয়র্কের হিলটন প্লাজা হোটেলে বসে রোসেলিকে এ গল্প শোনানো হয়। রোসেলি প্রথমে তেমন আগ্রহ না দেখালেও পরে তার সূত্র ধরেই দুই কুখ্যাত শীর্ষ মাফিয়া গুণ্ডা মোমো সালভাতোরে গিয়ানকানা এবং সান্তোস ট্রাফিকান্তের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় সিআইএ'র।
স্যাম গোল্ড হিসেবে পরিচিত মাফিয়া গুণ্ডা গিয়ানকানা পরামর্শ দেন যে আগ্নেয়াস্ত্র দিয়ে সেখানে সুবিধা করা যাবে না তাই কাস্ত্রোর খাবার বা পানীয়ের সঙ্গে 'উচ্চক্ষমতাসম্পন্ন ট্যাবলেট' মিশিয়ে দিতে হবে। সে অনুযায়ী 'কিউবান প্রশাসনের কর্মকর্তা' জুয়ান ওর্তা'র কাছে ছয়টি 'উচ্চক্ষমতাসম্পন্ন রাসায়নিক' মিশ্রিত বিষাক্ত ট্যাবলেট সরকরাহ করা হয়।
নথিতে বলা হয়,"বেশ কয়েকসপ্তাহ ধরে ব্যর্থ চেষ্টার পর এ বিষয়ে নিরাসক্ত হয়ে যায় ওর্তা এবং অভিযান থেকে নিস্কৃতি চায় সে। তবে অন্য একজনের খোঁজ দেয় ওর্তা। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হন দ্বিতীয় ব্যক্তিও।"
সিআইএ'র লাগাতার নানা প্রচেষ্টা সত্ত্বেও প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবায় সমাজতন্ত্র ধরে রেখে রাষ্ট্রক্ষমতায় আসীন আছেন কাস্ত্রো। গত বছরের জুলাইতে অন্ত্রের অস্ত্রপাচারের কারণে সাময়িকভাবে রাষ্ট্রক্ষমতা থেকে সরে গেলেও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এখন কিউবা শাসন করছেন তারই ছোটভাই আরেক বিপ্লবী যোদ্ধা এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো।
বিডিনিউজহ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ঘ.
bdnews24