ইসলামাবাদ, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেশের ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে লাহোরের সুপ্রীম কোর্টে অভিযোগ দাখিল করেছেন। নতুন নির্বাচনী ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম রেজিষ্ট্রেশন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এই ভোটার তালিকায় জনগণকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে সরিয়ে রাখা হয়েছে। তাই এই তালিকার ওপর ভিত্তি করে পরিচালিত কোনো জরিপের ফলও গ্রহণযোগ্য হবে না।
পাকিস্তানে এ বছরের শেষেই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রেসিডেন্ট মুশাররফ দেশে-বিদেশে চাপের মুখে রয়েছেন।
বেনজির দীর্ঘদিন ধরে ব্রিটেনে নির্বাসিত জীবনজাপন করছেন। সুপ্রীম কোর্টে অভিযোগ দাখিলের পর তার আইনজীবী মোহাম্মদ লতিফ খান খোসা রয়টার্সকে বলেন, "এই তালিকা নির্বাচনী প্রক্রিয়ায় জ্বালিয়াতির নামান্তর। পাকিস্তানের জনগণ তা মেনে নেবে না। এ ধরনের জ্বালিয়াতিতে পাকিস্তান ফেডারেশনকে বিপদের মুখে ঠেলে দেবে এবং পাকিস্তানের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে।"
আদালতে দাখিল করা অভিযোগনামায় বেনজির জাতীয় পরিচয়পত্রে কোনোরকম শর্ত জুড়ে না দেওয়া এবং সংবিধান অনুযায়ী, পাকিস্তানে ১৮ থেকে এর উপরের বয়সী সবার নাম রেজিষ্ট্রেশন করার দাবি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৫ঘ.
bdnews24