২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সুশৃঙ্খল সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন ব্রাউন

ব্রিটেনে সুশৃঙ্খল ও ব্যাপক-ভিত্তিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউন। রোববার বিপুল জনসমর্থন নিয়ে লেবার দলের নেতা নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ অঙ্গীকার করেন। তিনি দলের নেতৃত্বে আসীন হওয়ার এই সময়ে বিরোধী কনজারভেটিভ দলকে পেছনে ফেলে তুঙ্গে উঠেছে লেবারের জনপ্রিয়তা। ৮ মাসের মধ্যে এই প্রথম লেবার দলের জনসমর্থন বেড়েছে। নতুন জরিপের ফল তাইই বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

লন্ডন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে সুশৃঙ্খল ও ব্যাপক-ভিত্তিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউন। রোববার বিপুল জনসমর্থন নিয়ে লেবার দলের নেতা নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ অঙ্গীকার করেন। তিনি দলের নেতৃত্বে আসীন হওয়ার এই সময়ে বিরোধী কনজারভেটিভ দলকে পেছনে ফেলে তুঙ্গে উঠেছে লেবারের জনপ্রিয়তা। ৮ মাসের মধ্যে এই প্রথম লেবার দলের জনসমর্থন বেড়েছে। নতুন জরিপের ফল তাইই বলছে। বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে ব্রাউনের প্রধানমন্ত্রীত্ব নিতে বাকী আর মাত্র তিনদিন। বুধবারেই এ দায়িত্ব নেবেন ব্রাউন। তার আগেই ব্রাউন ম্যানচেস্টারের দলীয় সম্মেলনে লেবার নেতা হিসাবে প্রথম ভাষণে রোববার তার কর্মসূচি তুলে ধরার প্রয়াস নেন। বিবিসি টেলিভিশনে ব্রউন বলেন, আমি যে সরকার পরিচালনা করব তা অবশ্যই সুশৃঙ্খল হতে হবে। উল্লেখ্য, গত দশকে লেবার সরকারে নেতাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব ও বৈরিতাপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে। আর এখন ব্লেয়ারের উত্তসূরী হিসাবে ইরাক যুদ্ধ নিয়ে মতবিভেদপূর্ণ একটি দল এবং দেশের দায়িত্ব নিতে চলেছেন ব্রাউন। সেকারণেই ব্লেয়ার সরকারের সব ত্র"টি-বিচ্যুতি ঝেড়ে ফেলে একে নতুন রূপ দিতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ব্রাউন। দলীয় লোকজন এবং দেশের জনগণ সবার কথা বেশি বেশি শোনার ওপর ভিত্তি করেই ব্রাউন নতুন সরকার চালাতে চান। এভাবেই তিনি পরিচালনা করতে চান ব্যাপক ভিত্তিক প্রশাসন। বিবিসি'র সঙ্গে সাক্ষাৎকারে রোববার ব্রাউন বলেন, " মাঠ পর্যায়ের লোকজনদের মতামত এবং তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নিতে হবে নতুন সরকারকে।" রোববারেই লেবার দলে ব্রাউনের উপনেতা নির্বাচনের কথা। নতুন উপনেতা উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকটের স্থলাভিষিক্ত হবেন। ব্রাউনের নতুন সরকারে ব্লেয়ার সরকারের কিছু পুরোনো মুখ থাকবেন বলে মনে করা হচ্ছে। যেমন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র আবারও স্বপদে বহাল হতে পারেন। তবে ব্রাউন পূর্বসূরীদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেও আগ্রহী হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, ইরাক যুদ্ধের কারণে ব্লেয়ার সরকারের অনেকেই জনপ্রিয়তা হানিয়েছেন এবং ব্লেয়ারের দলও ১০ বছরের শসনামলে জনপ্রিয়তা খুইয়েছে। গত অক্টোবরে জনমত জরিপে লেবার দল নতুন কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরুনের চেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে ছিল। কিন্তু অবজারভার পত্রিকায় প্রকাশিত নতুন জরিপের ফলে দেখা গেছে, লেবারের জনপ্রিয়তা বেড়েছে ৩৯ শতাংশ। ওদিকে, কনজারভেটিভ দলের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। ৪০ শতাংশ ব্রিটিশই মনে করেন ব্রাউন ব্লেয়ারের চেয়ে অনেক বেশি যোগ্য প্রধানমন্ত্রী হবেন। আর মাত্র ২২ শতাংশ ব্রিটিশ বিরোধীদলের নেতা ক্যামেরুনকে এ পদে যোগ্য মনে করেন। ব্রউনের সমর্থকদের ধারণা, অভিজ্ঞতাসম্পন্ন ব্রাউন সহজেই ক্যামেরুনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩০ঘ.