ত্রিপোলি, লেবানন, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- লেবাননের নাহর আল বারেদ শরণার্থী শিবিরে ৩৩ দিনের যুদ্ধাবসানের ঘোষণার পর আবারও ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দেশটিতে। রোববার উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে একটি জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানে ১০ ঘন্টার অচলবস্থা শেষে সেনাদের গুলিতে ৭ জঙ্গি নিহত হয়েছেন। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের আরও দুই সদস্য নিহত হয়েছেন। এদিকে শনিবার শরণার্থী শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের গুলি ও ফাঁদ পাতা বোমা হামলায় চার সেনা নিহত হয়। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।
ত্রিপোলি শহরের একটি ভবনে আশ্রয় নেওয়া জঙ্গিদের ধরতে ১০ ঘন্টাব্যাপি অভিযান চালায় সেনারা। রোববার সকালে দীর্ঘ এ অচলাবস্থা শেষে ৭ জঙ্গিকে হত্যার দাবি জানিয়েছে লেবাননি সেনারা। সেনা জঙ্গি এ সংঘর্ষে ওই ভবনে থাকা এক পুলিশ কর্মকর্তা তার মেয়ে ও অপর এক আত্মীয় নিহত হয়েছেন বলেও স্বীকার করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এর আগে শনিবার নাহর আল বারেদ শরণার্থী শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের গুলিতে নিহত হন এক সেনাসদস্য। তাদের পেতে রাখা ফাঁদে পা দিয়ে বোমা বিস্ফোরণে নিহত হন আরও তিন সেনা। ওই সেনারা মাইন নিষ্ক্রিয় করার কাজ করছিল।
এ ঘটনার পরপরই শিবিরটি লক্ষ্য করে তীব্র গোলা বর্ষণ করতে থাকে লেবাননি সেনারা। এর প্রতিক্রিয়ায় শিবিরের ভেতর থেকে সেনাদের লক্ষ্য করে হালকা অস্ত্রের গুলি ছোঁড়ে জঙ্গিরা।
এর আগে বৃহস্পতিবার নাহর আল বারেদে ৩৩ দিনের যুদ্ধ অবসানের দাবি জানিয়ে সেখানে জয়ের ঘোষণা দেয় লেবাননি সেনারা। ওই লড়াইয়ে ৩৬ জন অসামরিক নাগরিক ও ৬০ জঙ্গিসহ মোট ১৭৬ জন নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24