গাজা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কর্তৃক বিলুপ্ত ঘোষিত ফিলিস্তিনের হামাস সরকারের প্রধানমন্ত্রী ও হামাস নেতা ইসমাইল হানিয়া আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন শনিবার। গাজায় হানিয়ার দপ্তরের কর্মকর্তারা একথা জানান।
প্রেসিডেন্ট আব্বাস হামসের সঙ্গে কোনোপ্রকার আলোচনায় বসার সম্ভবনা নাকচ করে দিয়েছেন। হামাসের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টা এবং গাজায় অভ্যুত্থানের অভিযোগ এনে আব্বাস বলেছেন হামাসের সঙ্গে নতুন কোনো আলোচনার সুযোগ নেই। গত সপ্তাহে পশ্চিমতীরে তিনি সাংবাদিকদের ওইকথা বলেছেন।
এদিকে আব্বাসের অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ফিলিস্তিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হামাস সরকারের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রে অংশ নিয়েছেন আব্বাস।
ইয়েমেনি প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফাতাহর সঙ্গে নতুন আলোচনার ওই আহ্বান জানান।
হানিয়া বলেন,"বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল কোনো পূর্বশর্ত ছাড়া একটি ফিলিস্তিনি সংলাপ শুর করা।"
হামাস নেতা বলেন,"এ আলোচনা হতে হবে জয় পরাজয়ের হিসেব ভুলে, একে অন্যকে ক্ষতি না করার অঙ্গীকার করে এবং একটি জাতীয় ঐক্য সরকারের ওপর ভিত্তি করে।"
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজাকে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে একঘরে করার কথা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আব্বাসের নতুন জরুরি সরকারকে সাহায্য ও তহবিল সহায়তাসহ সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে ওলমার্ট ও বুশ প্রশাসন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮৫০ ঘ.
bdnews24