ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের তিন দশকব্যাপী চালানো বহু গোপন অভিযানের হাজার হাজার নথিপত্র প্রকাশ করবে আগামী সপ্তাহে। নথিপত্রগুলো বাছাইয়ের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সিআইএর পরিচালক মাইকেল হেইডেন একথা বলেছেন।
১৯৫০ দশক থেকে ১৯৭০ দশক পর্যন্ত বিদেশে সিআইএর বহু গোপন হত্যা প্রচেষ্টা, দেশে অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তি, অপহরণসহ এরকম আরও নানা গোপন অভিযানের নথিপত্র প্রকাশ করা হবে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের "ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ' এর ওয়েবসাইটে একথা বলা হয়েছে।
প্রকাশিতব্য নথিপত্রের মধ্যে আরও রয়েছে চৌর্যবৃত্তি, মার্কিন সাংবাদিকদের নজরদারি, কারো ব্যক্তিগত মেইল খোলা প্রভৃতি।
এসব নথির অনেকগুলোই এর আগে প্রেসে পাঠানো হয়েছে এবং এগুলো হচ্ছে সিআইএর ইতিহাস। 'আমেরিকান ফরেইন রিলেশনস কনফারেন্স'-এ হেইডেন একথা জানান।
তিনি আরও জানান, ১৯৫৩ সাল থেকে ১৯৭৩ সালের ১৪৭ টি দলিল এবং ১১ হাজার পাতার বিশ্লেষণমূলক বিভিন্ন তথ্য সিআইএর ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24