টোকিও, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপান লোকজনকে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করছে শিগগিরিই। আগামী অক্টোবরেই এ ব্যবস্থায় লোকজনদেরকে আগে থেকে ভূমিকম্পের সতর্ক সংকেত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জাপান।
জাপানের ভূতাত্বিক সংস্থা ভূপৃষ্ঠে প্রথম কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গেই সংকেত পাঠাবে। এই সংকেত পাওয়ার পরপরই ভূমিকম্পের পূর্বাভাস প্রচার করা হবে বেতার টেলিভিশনে।
পাশাপাশি সতর্ক সংকেত ধরতে পারে এমন কিছু নতুন মোবাইল ফোন এ বছরের শেষ নাগাদ বাজারে ছাড়া হবে।
এতে করে লোকজন টেবিলের নীচে চলে যাওয়া, ঘরবাড়ী থেকে সরে যাওয়া বা চলন্ত গাড়ী বন্ধ করার জন্য অন্তত ২০ সেকেন্ড সময় পাবে। কারণ প্রথম কম্পনেই বড় ধরনের কোনো ক্ষতি হয় না। হয় তার পরের কম্পনগুলোতে। ভূতাত্বিক সংস্থার এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
ভূমিকম্প শুরুর ১০ থেকে ২০ সেকেন্ড আগে এই সতর্ক সঙ্কেত পাঠানো সম্ভব হতে পারে বলে জানিয়েছে জাপান।
জাপান গত অগাষ্ট মাস থেকেই এ পদ্ধতিতে ভূমিকম্পের নানা তথ্য বিভিন্ন কর্মকর্তা, নির্মানধীন এলাকা এবং রেল চালকদের দিতে শুরু করেছে। কিন্তু তারা প্রকাশ্যে এখনও এসব তথ্য জানায়নি। কারণ, জনগণ তা বুঝতে না পেরে আতঙ্কগ্রস্ত হতে পারে।
ভূতাত্বিক সংস্থার এক কর্মকর্তা বলেন,"সতর্ক সংকেত শোনার পর জনগণ যাতে সঠিক কাজটি করতে পারে সজন্য আমরা কাজ করে যাব।"
তিনি আরও বলেন,"সংকেত শুনে জনগণকে শান্ত থাকতে হবে এবং প্রথমেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।" তিনি জনগণকে শক্ত টেবিলের তলে লুকানো, দালানকোঠা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়া এবং লিফট থেকে নেমে যাওয়ার পরামর্শ দেন।
পৃথিবীর মোট ভূমিকম্পের মধ্যে ২০ শতাংশ হয় জাপানে। ১৯৯৫ সালে হওয়া ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের কারণে জাপানে ৬ হাজার ৪০০ জন নিহত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১০০ বিলিয়ন ডলার।
২০০৪ সালে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানলে প্রায় ৪০ জন নিহত হয় এবং ৩ হাজারেরও বেশী লোক আহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এলকিউ/১৬৩৬ ঘ.
bdnews24