সউল, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- উত্তর কোরিয়ায় আকস্মিক সফর শেষে যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ও ছয়জাতি সংলাপে দেশটির প্রধান আলোচক ক্রিস্টোফার হিল বলেছেন পিয়ং ইয়ং এ 'ভাল কথাবার্তা' হয়েছে তার সঙ্গে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচকের সঙ্গে বৈঠকের পর সেখানে অগ্রগতি সম্পর্কে এ মন্তব্য করেন তিনি। সিনহুয়া বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।
২০০২ সালের পর এটাই উত্তর কোরিয়ায় সর্বোচ্চ মার্কিন কর্মকর্তার সফর। সেসময় দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ নিয়ে পিয়ং ইয়ং এর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিশেষ মার্কিন দূত জেমস কেলি। এরপর থেকে আর কোনো উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা দেশটি সফরে যাননি।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যান ক্রিস্টোফার হিল। পিয়ং ইয়ং এ পররাষ্ট্রমন্ত্রী পাক উই - চুন ও প্রধান পরমাণু আলোচক কিম কায়ে গাওয়ান এর সঙ্গে বৈঠকের পর হিল এ অগ্রগতির আভাস দিলেন।
হিলের সফর সম্পর্কে ওয়াশিংটন বলেছে "উত্তর কোরিয়া যে কাঠামো পরিবর্তনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে এবং পরমাণু কর্মসূচি বন্ধের দিকে এগোচ্ছে" তারই একটা পরীক্ষা এ সফর।
উত্তর কোরিয়া থেকে সউল হয়ে টোকিও যাওয়ার কথা রয়েছে হিলের। যুক্তরাষ্ট্র আশাপ্রকাশ করেছে যে জুলাইয়ের শুরুতেই নতুন দফা ছয়জাতি সংলাপ শুরু হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২৫ ঘ.
bdnews24