২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের আত্মসমর্পণের দাবিতে অটল লেবাননের সেনাবাহিনী

ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ফাতাহ আল ইসলাম জঙ্গিদের আত্মসমর্পণের দাবিতে অটল রয়েছে লেবাননের সেনাবাহিনী। এর মধ্য দিয়ে এক মাসব্যাপী সেনা-জঙ্গি সংঘর্ষ অবসানে ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের চেষ্টা মুখ থুবড়ে পড়ল। ফিলিস্তিনি এক রাজনৈতিক সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বৈরুত, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ফাতাহ আল ইসলাম জঙ্গিদের আত্মসমর্পণের দাবিতে অটল রয়েছে লেবাননের সেনাবাহিনী। এর মধ্য দিয়ে এক মাসব্যাপী সেনা-জঙ্গি সংঘর্ষ অবসানে ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের চেষ্টা মুখ থুবড়ে পড়ল। ফিলিস্তিনি এক রাজনৈতিক সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন। নাহর আল বারেদ শরণার্থী শিবিরে একমাসব্যাপী সেনা-জঙ্গি সংঘর্ষ বন্ধে লেবাননের সেনাবাহিনীকে বুধবারই একটি শান্তি পরিকল্পনা দেন ফিলিস্তিনি মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনি মুসলিম ধর্মগুরুদের একটি মধ্যস্থতাকারী দল শরণার্থী শিবিরের ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে বৈঠকের পর ওই শান্তি পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনাটি নিয়ে লেবাননের সেনা গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকের পর মধ্যস্থতাকারী দলের সদস্য শেখ মোহাম্মদ আল হাজ রয়টার্সকে বলেন, "আশা করি এ পরিকল্পনায় আমরা অবিলম্বে ইতিবাচক সাড়া পাব।" শেখ মোহাম্মদ পরিকল্পনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অনীহা প্রকাশ করেন। তবে ফিলিস্তিনি একটি রাজনৈতিক সূত্র মঙ্গলবার বলেছে, ওই শান্তি পরিকল্পনায় ফাতাহ আল ইসলাম জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে মূলধারার ফিলিস্তিনি দলগুলো থেকে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব দেন মধ্যস্থতাকারীরা। কিন্তু জঙ্গিদের আত্মসমর্পণের দাবিতে অনঢ় থেকে লেবানিজ সেনাবাহিনী মধ্যস্থতাকারীদের ওই পরিকল্পনায় পানি ঢেলে দিল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি রাজনৈতিক সূত্র বলেছেন, "লেবানিজ সেনাবাহিনী জঙ্গিদের আত্মসমর্পণ করার ওপর বেশি জোর দিচ্ছে। ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। মধ্যস্থতার উদ্যোগ সফল হল না। এর মানে হচ্ছে নাহর আল বারেদে সংঘর্ষ আরও কিছুদিন ধরে চলবে।" লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ফাতাহ আল ইসলাম জঙ্গিদের নেতা সাকের আল আবসি ও তার মিলিটারি কমান্ডার আবু হুরায়রার আত্মসমর্পণ চান। উল্লেখ্য, লেবাননের সেনাদের সঙ্গে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের এক মাসব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে সেনা মারা গেছে ৭৪ জন, জঙ্গি নিহত হয়েছে ৫৭ জন এবং সাধারণ মানুষ নিহত হয়েছে ৩২ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.