্রওয়াশিংটন, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)---ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত হিসাবে চান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ব্লেয়ারও এই ভূমিকা পালন করতে ইচ্ছুক। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট বুশ এবং পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইসের সঙ্গে ব্লেয়ারের কথাও হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা বলেছেন। তাছাড়া, মার্কিন প্রশাসনের কয়েকটি সূত্র জানিয়েছেন, ব্লয়ারও ওই ভূমিকা পালনে আগ্রহী বলে তার সহযোগীরা ইঙ্গিত দিয়েছেন।
ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী চার পক্ষ যুক্তরাষ্ট্র, ইইউ, জাতিসংঘ এবং রাশিয়ার দূত হিসাবে চান বুশ। তবে ব্লেয়ারের কার্যালয়ের মুখপাত্র বলছেন, প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এর বেশিরভাগই ঠিক নয়।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ব্লেয়ারের সঙ্গে মধ্যপ্রাচ্য দূতের ভূমিকা পালনের বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এ ব্যাপারে ব্লেয়ার এখনও কোনো মন্তব্য করেননি কিংবা প্রতিক্রিয়া জানাননি। কিন্তু পরে প্রশাসনের কয়েকটি সূত্র জানায়, ইসরায়েল এবং ফিলিস্তিনিরা ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত করার প্রস্তাবে স্বাক্ষর করেছে।
আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্লেয়ারের সহযোগীরা এ প্রস্তাবে স্বাক্ষর করেছেন। বিবিসির সাংবাদিক বেল একথা জানান।
তিনি বলেন, "এ থেকে বলা যায় মধ্যপ্রাচ্য সঙ্কটে দূতিয়ালী করাই হবে ব্লেয়ারের পরবর্তী কাজ। ব্লেয়ারই তা চাইছেন বলে মনে হয়। আর ওয়াশিংটনের কর্মকর্তাদের কাছ থেকেও সেরকম আভাসই পাওয়া যাচ্ছে।"
তবে এ ব্যাপারে আরও অনেক আলোচনা এখনও বাকী বলে বেল উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ পরিকল্পনার আওতায় ব্লেয়ার বুশের দূত হবেন না বরং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী চার পক্ষের দূত হবেন। যুক্তরাষ্ট্রের সমর্থনেই ব্লেয়ার এ ভূমিকায় আসবেন। সেরকম পটই প্রস্তুত হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২২ঘ.
bdnews24