গাজা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় বিমান হামলা শুরুর পাশাপাশি ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপর থেকে অবরোধ তুলে নিয়ে পশ্চিম তীরে নতুন আব্বাস সরকারের সঙ্গে কূটনৈতিক যোগযোগ শুরু করেছে ইসরায়েল। গাজায় বুধবার ফিলিস্তিনিদের রকেট উৎক্ষেপণস্থলগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। আবার একইদিনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি নবগঠিত জরুরি আব্বাস সরকারের সঙ্গে উচ্চ-পর্যায়ের কূটনৈতিক যোগযোগ চালু করেন।
লিভনি টেলিফোনে আব্বাস সরকারের নতুন প্রধানমন্ত্রী সালাম ফায়েদকে বলেন, "হামাস সরকারের জায়গায় তার জরুরি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তা অনেক ইসুতেই অগ্রগতি অর্জনে সহায়ক হবে। এমনকী রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতেও এ সরকার সহায়ক হবে।"
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রেগেভ বলেন, এই বাক্যবিনিময় থেকে দুই সরকারের মধ্যে সংলাপ শুরুরই আভাস পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনে হামাস সরকার ক্ষমতায় আসার পর থেকে দুপক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এতদিন কার্যত বন্ধ ছিল।
রেগেভ বলেন, "আমরা নতুন ফিলিস্তিন সরকারের সঙ্গে আলোচনা শুরুর অপেক্ষায় আছি।"
আব্বাস গত বৃহস্পতিবার হামাস সরকারকে বিলুপ্ত করে নতুন ডিক্রি জারির মাধ্যমে নতুন সরকার গঠন করেন। হামাস এ সরকারকে অবৈধ দাবি করে প্রত্যাখ্যান করেছে। গাজা পুরোপুরি দখল করে নেয়া হামাস সেখান থেকে পশ্চিম তীরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আব্বাসের এক সহযোগী।
গত সপ্তাহে হামাস গাজা দখল করার পর ইসরায়েল সেখানে বুধবার প্রথম বিমান হামলা শুরু করে। একইদিনে গাজায় জঙ্গি তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা ৪ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যাও করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে একটি রকেট হামলা হয়েছে। এই রকেট হামলার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গি ইসলামিক জিহাদকে দায়ী করেছে।
ওই রকেট হামলার জবাবেই বুধবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে ফিলিস্তিনি রকেট হামলার কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ঘ.
bdnews24