২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কয়েক দশক থেকে যেতে পারে ব্রিটিশরা

আফগানিস্তানে ব্রিটেনের রাষ্ট্রদূত স্যার শেরার্ড কপার কোলস বলেছেন, দেশটি পুনর্গঠনের জন্য সেখানে কয়েক দশক থেকে যেতে হতে পারে ব্রিটিশদের। বিবিসির রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

লন্ডন, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি) -- আফগানিস্তানে ব্রিটেনের রাষ্ট্রদূত স্যার শেরার্ড কপার কোলস বলেছেন, দেশটি পুনর্গঠনের জন্য সেখানে কয়েক দশক থেকে যেতে হতে পারে ব্রিটিশদের। বিবিসির রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি একথা বলেন। তিনি বলেন, আফগানরা চান ব্রিটিশরা সেখানে থাকুক এবং তালেবানদের হাত থেকে তাদের রক্ষা করে দেশটি পুনর্গঠনের কাজ করুক। রাষ্ট্রদূত বলেন, আফগানিস্তানে ব্রিটিশদের উপস্থিতি তাদের মাথব্যাথা নয় বরং আমরা তাদের অরক্ষিত রেখে চলে আসবো কি না এটাই তাদের উদ্বেগের কারণ। স্যার শেরার্ড বলেন,"আমরা যেসব বার্তা পাচ্ছি, গত সপ্তাহেই হেলমান্দের গ্রামবাসীদের কাছ থেকে যে আহ্বান আমরা পেলাম তা হল - দয়া করে তালেবানদের হাত থেকে আমাদের রক্ষা করুন।" ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন আফগানরা চায় যে," আমরা আমাদের কাজ শেষ করি। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে শক্তভাবে দাঁড় করাই, বিচার ব্যবস্থা ঠিক করি, প্রয়োজনীয় স্কুল ও হাসপাতাল স্থাপন করি।" তিনি বলেন,"আফগানরা একটা বিষয়েই নিশ্চিত আর সেটা হল তারা আর কখনো তালেবান শাসনের মধ্যযুগীয় অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে চায় না। তালেবান শাসনের নমুনা তারা দেখেছে এবং তালেবানদের তারা ভাল করেই চিনে রখেছে।" ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মতে আফগানিস্তানে ব্রিটিশদের সামনে প্রধান সমস্যা হল তালেবান দমন, দুর্নীতি রোধ, দক্ষিণাঞ্চলে সরকারি প্রশাসনের পুনর্গঠন এবং আফিমের উৎপাদন বন্ধ করে মাদক নিয়ন্ত্রণ করা। বিবিসির তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ব্রিটিশ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কূটনীতিবিদ নন এমন আরও ৩৫ জন কর্মকর্তাকে কাবুল দূতাবাসে পাঠানোর কথা রয়েছে ব্রিটেনের। এমন হলে পৃথিবীর অন্য যে কোনো স্থানের চেয়ে বড় ব্রিটিশ দূতাবাস হবে কাবুলে। এসব তৎপরতার পাশাপাশি সেখানে সেনা উপস্থিতিও জোরদার করছে ব্রিটেন। এ বছর আফগানিস্তানে ব্রিটিশ সেনা সংখ্যা বাড়িয়ে প্রায় ৭,৭০০ জনে উন্নীত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.