২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের আফগান সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় ৩২ জন নিহত

পাকিস্তানের আফগান সীমান্তে মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশী তালেবান সমর্থক জঙ্গিরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আফগান সীমান্তে অবস্থানরত মার্কিন বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে দাবি করেছে একটি গোয়েন্দা সূত্র। এদিকে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বলেছেন এটি ক্ষেপনাস্ত্র হামলা নয় কিংবা তারা নিজেরাও সেখানে কোনো অভিযান চালাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 09:04 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

মিরানশাহ, পাকিস্তান, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাকিস্তানের আফগান সীমান্তে মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশী তালেবান সমর্থক জঙ্গিরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আফগান সীমান্তে অবস্থানরত মার্কিন বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে দাবি করেছে একটি গোয়েন্দা সূত্র। এদিকে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বলেছেন এটি ক্ষেপনাস্ত্র হামলা নয় কিংবা তারা নিজেরাও সেখানে কোনো অভিযান চালাননি। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান মিরানশাহ শহরের ৪০ কিলোমিটার দূরে দাতা খেল জেলার একটি গ্রামে একটি সন্দেহভাজন তালেবান প্রশিক্ষণ শিবিরে এ হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা ও স্থানীয় অধিবাসীরা জানান সকাল সাড়ে দশটার দিকে একটি চালকহীন মার্কিন ড্রোন বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন বিদেশী জঙ্গি নিহত হয়ে থাকতে পারেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা। এদিকে একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান,"পাশাপাশি তিনটি বাড়ি ও একটি তাঁবু ছিল সেখানে। বিস্ফোরণে সেগুলো ধ্বংস হয়ে যায়। সেখানে প্রায় ৪৫ জন মানুষ ছিলেন।" এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেছেন,"এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়।" তবে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে কোনো হামলা চালায়নি বলেও জানান তিনি। আরশাদ বলেন, প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে যে জঙ্গিরা বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটেছে। এর আগেও আফগান সীমান্তে এ ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের মার্কিন বাহিনী তালেবান জঙ্গিদের ঘাঁটিতে এসব হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রগুলো দাবি করলেও পাকিস্তান সরকার এ বিষয়ে সরাসরি স্বীকৃতি কিংবা অস্বীকৃতিমূলক কোনো বিবৃতি দেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩০ ঘ.