জেরুজালেম, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- হামাস নিয়ন্ত্রিত গাজায় অর্থনৈতিক অবরোধ আরোপ করার পরিকল্পনা করেছে ইসরায়েল। হামাসকে একঘরে করতেই ইসরায়েল এ উদ্যোগ নিচ্ছে। এই অবরোধের আওতায় প্রেসিডেন্ট আব্বাসের জন্য ছাড় দেওয়া তহবিলে ভাগ বসানোও হামাসের জন্য নিষিদ্ধ থাকবে। ইসরায়েলের এক ঊধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
ইসরায়ের ও যুক্তরাষ্ট্র গাজায় হামাসকে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। গত সপ্তাহে হামাস গাজা দখল করেছে।
ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, গাজায় অবরোধ আরোপের বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
ঊর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আব্বাসের জন্য ছাড় করা তহবিল গাজায় পৌঁছানো বন্ধ করাসহ ইসরায়েল গাজায় ব্যক্তিগত তহবিল সরবরাহও নিষিদ্ধ করার কথা ভাবছে। তবে গাজায় মানবিক সাহয্য বন্ধ করা হবে না বলে জানান তিনি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গাজা সন্ত্রাসী ণিয়ন্ত্রিত অঞ্চল। হামাস নিয়ন্ত্রিত এ অঞ্চলে কোনো অর্থনৈতিক সাহায্য কারো কাছে পৌঁছবে না বলে জানান তিনি। তার মানে, গাজায় সরকারি চাকরিরত কেউ বেতনও পাবে না বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ওলমার্ট আরব দেশগুলোকে হামাসের সংস্পর্শ থেকে দূরে থেকে ফিলিস্তিনি আব্বাস সরকারকে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে উৎসাহ দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি আব্বাসের সঙ্গে নিয়মিত আলোচনায় বসার ব্যাপারে তার পরিকল্পনার কথাও জানান।
আব্বাসের সঙ্গে গত এপ্রিলে ওলমার্টের মুখোমখি দেখা হয়েছিল। ওলমার্ট বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তিনি আব্বাস সরকারের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে প্রস্তুত।
হামাসকে একঘরে করতে ইতপূর্বে ইউরোপের সমর্থন চেয়েছেন ওলমার্ট। সোমবার তিনি এই সমর্থন আদায়ের চেষ্টা নেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি সোমবার ফ্রান্সের স্ট্রাসবার্গের বৈঠকে হামাসকে সাহায্য দেওয়া বন্ধ রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদেরকে রাজি করানোর চেষ্টা করেন।
উল্লেখ্য, হামাস সরকার ফিলিস্তিনের ক্ষমতায় আসার পর ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানালে পশ্চিমা বিশ্ব গাজায় সাহায্য সরবরাহ নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞাই বহাল রাখতে ইউরোপীয়দের আহ্বান জানিয়েছেন ওলমার্ট।
ইসরায়েলের মতো ওয়াশিংটনও গাজায় হামাসকে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক দিক থেকে বিচ্ছিন্ন করে রেখে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি নিয়ে ওলমার্ট এবং আব্বাসের সঙ্গে অবিলম্বে আলোচনার বসতে চায়।
এদিকে, হামাসের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এখনও মার্চে গঠিত জাতীয় ঐক্য সরকারকেই ফিলিস্তিনের বৈধ সরকার বলে দাবি করছেন। তিনি আব্বাসের বিরুদ্ধে তাকে উৎখাত করার মার্কিন চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ঘ.
bdnews24