জাতিসংঘ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- বিশ্বে ৫ বছরের মধ্যে এই প্রথম শরণার্থীর সংখ্যা বেড়েছে। আর এর প্রধান কারণ হচ্ছে ইরাকে চলমান সহিংসতা। দলে দলে ইরাক ছেড়ে আসা মানুষের ঢলে বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা ১৪ শতাংশেরও বেশি বেড়ে গত বছর প্রায় ১ কোটিতে দাঁড়িয়েছে। তাছাড়া, আভ্যন্তরীণভাবেও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখে। জাতিসংঘের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ইরাক ছাড়াও লেবানন, পূর্ব তিমুর, সুদান, শ্রীলঙ্কায় সংঘর্ষের কারণেও শরণার্থী সংখ্যা বাড়ছে। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে ৪০ লাখ ফিলিস্তিনি শরণাথী বাদ দিয়েই শরণার্থীর ওই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
২০০২ সালের তুলনায় বর্তমানে বিশ্বের শরণার্থী সংখ্যা সবচে বেশি মাত্রায় পৌঁছেছে। আর ২০০২ সাল থেকে ধীরে ধীরে কমতির দিকে আসা শরণার্থী সংখ্যা বর্তমানেই প্রথম বাড়তির দিকে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার রিপার্ট ২০০৬ এ একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের শেষে বিশ্বে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৯৯ লাখে। ২০০৫ সালে এই সংখ্যা ছিল ৮৭ লাখ।
শরণার্থীর সংখ্যা এভাবে বাড়তে থাকার জন্য প্রধানত ইরাক যুদ্ধকেই দায়ী করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, আফগান শরণার্থীর (২১ লাখ) পর বিশ্বে ইরাকি শরণার্থীর সংখ্যাই সবচে বেশি।
অন্যান্য শরণার্থীদের মধ্যে আছে ৬৮৬,০০০ সুদানি শরণার্থী, ৪৬০,০০০ সোমালি শরণার্থী, এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও বুরুন্ডির ৪০০০০০ শরণার্থী।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এন্টনিও গুয়েট্রেস বলেন, শরণার্থীর এই ক্রমবর্ধমান হার মোকাবিলায় জাতিসংঘ শরণার্থী কমিশনকে কঠোর পরিশ্রম করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০২ঘ.
bdnews24