তেহরান, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপের ভাবনা বাদ না দিলে, ইরানও তেলকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চিন্তা নাকচ করবে না। ওপেকে ইরানের গভর্নর এবং তেলসম্পদ বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা হোসেইন কাজেমপুর আরদেবিলি এক সাক্ষাৎকারে একথা বলেছেন। দৈনিক শার্ক মঙ্গলবার এ সাক্ষাৎকার ছাপায়।
কাজেমপুর আরদেবিলি বলেন," আমরা এ অস্ত্রটির (তেল) ব্যবহার শুরু করছি না। কিন্তু কেউ অস্ত্র ব্যবহারের বিষয়টিকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে না রাখলে এবং ওই পথে চাপ প্রয়োগের কথা বললে তখন এটাই স্বাভাবিক যে, সবপক্ষই তাদের নিজ নিজ অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে।"
ইরান তেলের যোগান বন্ধ করে দিলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"অবশ্যই বাজার খুব বড় ধরনের ধাক্কা খাবে এবং তেলের দর বাড়বে।"
আরদেবিলির মতে, এতে করে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে ওই পত্রিকাটি।
ইরান ওপেকের দ্বিতীয় শীর্ষ তেল উৎপাদক হলেও অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৪০ ভাগ গ্যাসোলিন আমদানি করতে হয় দেশটিকে। দেশটিতে পর্যাপ্ত তেল শোধনাগার না থাকায় নিজেদের উৎপাদিত তেলের পুরো ব্যবহার করতে পারছে না ইরান।
ইরানের এ গ্যাসোলিন আমদানি দুর্বলতাকে পরমাণু ইস্যুতে একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান হিসেবে বিবেচনা করছে মার্কিনিরা। কিন্তু আরদেবিলি দাবি করেছেন, গ্যাসোলিন আমদানি নিয়ে কখনোই বিপাকে পড়বে না ইরান।
তিনি বলেন,"কেউ যদি হুমকি দিতে চান যে আমরা গ্যাসোলিন পাবো না তাহলে তারা সফল হবেন না। কারণ গ্যাসোলিনের প্রধান উৎপাদকরা ওপেকের সদস্য এবং এ নিয়ে আমরা কোনো সমস্যাতেই পড়বো না।"
আরদেবিলি আরও মন্তব্য করেন যে,"আমরা বিশ্বাস করি যে জ্বালানির যোগান সবসময়ই যতোটা সম্ভব অ-রাজনৈতিক থাকা দরকার।"
ইরান বলেছে, গ্যাসোলিনের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণ করতে দেশটিতে গ্যাসোলিনের রেশনিং শুরু করবে তারা। এ ব্যবহার এখন বছরে প্রায় ১০ শতাংশ করে বাড়ছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা আরও জোরদার হলে গ্যাসোলিনের সমস্য ইরানের জন্য প্রকট হয়ে উঠতে পারে। তাই রেশনিংয়ের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইরান। এখন সরকারি যানবাহনে যতোটা সম্ভব রেশনিং করা হচ্ছে। তবে রেশনিং শুরুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং কবে নাগাদ তা শুরু হতে পারে সে সম্পর্কে কিছু বলতে পারেননি কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24